আন্তর্জাতিক

‘ঘাতক রোবট’ নিয়ন্ত্রণে ২০২৮ সালের মধ্যে নতুন বিধিমালা, একমত বিশ্বনেতারা

‘ঘাতক রোবট’ নিয়ন্ত্রণে ২০২৮ সালের মধ্যে নতুন বিধিমালা, একমত বিশ্বনেতারা

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে আগামী দুই বছরের মধ্যে নতুন বিধিমালা তৈরির লক্ষ্যে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো। তবে আইনগতভাবে বাধ্যতামূলক বিধিমালা প্রণয়নের বিষয়ে একমত হতে পারেনি দেশগুলো। এতে হতাশা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো।

শনিবার (২১ নভেম্বর) ভোরে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের এ আলোচনা শেষ হয়। সামান্য বা কোনো মানবিক তত্ত্বাবধান ছাড়াই লক্ষ্যবস্তু শনাক্ত ও আক্রমণ করতে সক্ষম অস্ত্রব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে এক দশকের বেশি সময় ধরে আলোচনা চলছে। এ ধরনের অস্ত্র ‘ঘাতক রোবট’ নামে পরিচিত।

আলোচনায় প্রায় ১০০টি দেশ দ্রুত আইনগতভাবে বাধ্যতামূলক বিধিমালা প্রণয়নের পক্ষে অবস্থান নেয়। তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরায়েলের মতো বড় অস্ত্র উৎপাদনকারী দেশগুলোর বিরোধিতায় শেষ পর্যন্ত দুর্বল সমঝোতা হয়। ফলে ভবিষ্যতে তৈরি হওয়া বিধিমালা আইনগতভাবে বাধ্যতামূলক হবে কি না, তা স্পষ্ট হয়নি।

ইউক্রেন, সুদান ও মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব, পোপ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি এ ধরনের অস্ত্র নিয়ন্ত্রণে শক্তিশালী ও বাধ্যতামূলক আন্তর্জাতিক বিধিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন।

বৈঠকে সুইস সভাপতি জুলিয়েন থোয়েনি সমঝোতাকে মানবিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই সমঝোতা প্রমাণ করে যে, বর্তমানের গভীর বিভক্ত বিশ্বেও বহুপক্ষীয় কূটনীতি কার্যকর ফল এনে দিতে পারে।

তবে নতুন আইন প্রণয়নের পক্ষে থাকা একটি দেশের এক কূটনীতিক এ সমঝোতাকে হতাশাজনক বলে উল্লেখ করেছেন। তার মতে, পরিস্থিতি আরও খারাপ হতে পারত।

আলোচনার শেষ পর্যায়ে কয়েকটি শব্দের ব্যবহার নিয়ে দীর্ঘ সময় দর-কষাকষি হয়। কার্যপ্রণালি নিয়ে রাশিয়ার আপত্তির কারণে কয়েকটি আনুষ্ঠানিক বৈঠকও বাতিল করতে হয়।

মানবাধিকার সংগঠন ‘স্টপ কিলার রোবটস’-এর নির্বাহী পরিচালক নিকোল ভ্যান রুইয়েন বলেন, আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি প্রণয়নে যে বিলম্ব ঘটছে তা বেসামরিক মানুষ ও মানবজাতিকে ঝুঁকির মুখে ফেলছে।

এদিকে কিছু পর্যবেক্ষক ও সাবেক সামরিক কর্মকর্তা মনে করেন, জাতিসংঘের বর্তমান কাঠামোর বাইরে নতুন কোনো উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। কারণ, বর্তমান কাঠামোয় যেকোনো সিদ্ধান্তের জন্য ১২৮টি সদস্যরাষ্ট্রের সর্বসম্মত সমর্থন প্রয়োজন।

বিষয়:অস্ত্র নিয়ন্ত্রণ ঘাতক রোবট জাতিসংঘ প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…