ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত

ছবি: সংগৃহীত।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন রুশ সেনা নিহত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে এ সংখ্যা জানিয়েছে বিবিসি।
বিবিসি প্রতিবেদনে জানায়, ২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুর রেকর্ড তাদের হাতে এসেছে। বেলারুশের হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস বাই এবং ইউক্রেনের সাইলেন্ট ক্রোর সাইবার হামলার মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করা হয়। রাশিয়ার পরিসংখ্যান সংস্থা সাইবার হামলার কথা স্বীকার করলেও কোনো সুরক্ষিত তথ্য ফাঁস হওয়ার দাবি নাকচ করেছে।
স্বাধীন রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনার সঙ্গে যৌথভাবে এসব তথ্য বিশ্লেষণ করেছে বিবিসি। ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে উন্মুক্ত সূত্রের ভিত্তিতে বিবিসির তৈরি করা রুশ সেনাদের নিহত হওয়ার তালিকার সঙ্গে রসস্ট্যাটের তথ্য মিলিয়ে দেখা হয়। এতে ৯০ শতাংশ রেকর্ডের সঙ্গে মিল পাওয়া গেছে।
বিবিসির নিজস্ব তালিকায় ২ লাখ ৯০ হাজার ১২ জন রুশ সেনার মৃত্যুর তথ্য রয়েছে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, এই তালিকা প্রকৃত মৃত্যুর ৪৫ থেকে ৫৫ শতাংশের হিসাব তুলে ধরেছে। সে হিসাবে যুদ্ধে রুশ সেনাদের প্রকৃত মৃত্যুর সংখ্যা ৫ লাখ ২৭ হাজার থেকে ৬ লাখ ৪৪ হাজারের বেশি হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রভাব রাশিয়ার বিভিন্ন বয়সী মানুষের মৃত্যুর পরিসংখ্যানেও স্পষ্ট। ২০২৫ সালে দেশটিতে ১৮ থেকে ২৪ বছর বয়সী যারা মারা গেছেন, তাদের ৬৫ শতাংশই নিহত হয়েছেন যুদ্ধে। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে এ হার ৫৯ শতাংশ। শুধু ৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে হৃদ্রোগ ও রক্তনালিসংক্রান্ত রোগে মৃত্যুর সংখ্যা যুদ্ধের প্রাণহানির চেয়ে বেশি।
ইউক্রেনের ছোট ছোট এলাকার নিয়ন্ত্রণ নিতে গিয়েও ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। যুদ্ধের আগে মোট ১২ হাজার মানুষের বসবাস ছিল এমন ১০টি গ্রামের নিয়ন্ত্রণ নিয়ে লড়াইয়ে প্রায় ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। এর মধ্যে দোনেৎস্ক অঞ্চলের বাখমুতের দক্ষিণে আন্দ্রিভকা গ্রামের নিয়ন্ত্রণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১২২ জন রুশ সেনা। যুদ্ধের আগে গ্রামটিতে বাস করতেন মাত্র ৭৪ জন।
যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া আনুষ্ঠানিকভাবে সেনাদের মৃত্যুর কোনো পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেনি। দুই বছর আগে রসস্ট্যাটও বাহ্যিক কারণে মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ বন্ধ করে দেয়। ফলে সামরিক প্রাণহানির প্রকৃত চিত্র নির্ধারণ কঠিন হয়ে পড়ে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০২৬ সালের জুলাইয়ে তার দেশের সেনাদের নিহতের সংখ্যা প্রায় ৫০ হাজার বলে জানিয়েছিলেন। তবে উন্মুক্ত সূত্রের ভিত্তিতে ইউএ লসেস নামের একটি ওয়েবসাইটের হিসাবে, ইউক্রেনের নিহত সেনার সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৯৫২।






