উড্ডয়নের সময় ইঞ্জিনে আগুন, রাশিয়ায় উড়োজাহাজ দুর্ঘটনায় সব আরোহী নিহত

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে আন্তোনভ এএন-১২ মডেলের একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন।
রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বিমানের ক্রুসহ সব আরোহীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। আঞ্চলিক রাজধানী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি বিভাগের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও প্রয়োজনীয় তৎপরতা শুরু করেন। তবে এই ঘটনায় বিমানে থাকা কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, বিমানের জ্বালানি লিকেজ ও হাইড্রোলিক ব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছিল। এর ফলে চারটি ইঞ্জিনের একটিতে আগুন ধরে যায় এবং বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার আগেই বিমানের একটি ইঞ্জিন সম্পূর্ণ পুড়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমান দুর্ঘটনা তদন্ত কমিশনও ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে। তদন্ত শেষে দুর্ঘটনার পেছনের প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।





