প্রথম দফার পরীক্ষা শেষ, রূপপুরে এবার দ্বিতীয় ধাপের প্রস্তুতি

সংগৃহীত
জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের প্রথম ধাপে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট উৎপাদন করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। প্রায় সাড়ে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর মঙ্গলবার রাতে ইউনিটটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এখন দ্বিতীয় ধাপের পরীক্ষার প্রস্তুতি চলছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে গ্রিড থেকে ইউনিটটি বিচ্ছিন্ন করা হয়। পরবর্তী কারিগরি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর দ্বিতীয় দফায় চার থেকে ছয় ঘণ্টার জন্য আবারও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। সংযোগের ২৯ মিনিট পর উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়। গ্রিডের স্থিতিশীলতা বিবেচনায় পরে উৎপাদন ৩০০ মেগাওয়াটে রাখা হয়। পর্যায়ক্রমে তা বাড়িয়ে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াটে উন্নীত করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে জেনারেটর ও জাতীয় গ্রিডের ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি এবং অন্যান্য বৈদ্যুতিক বৈশিষ্ট্যের সামঞ্জস্য নিশ্চিত করা হয়। এরপর গ্রিডের সঙ্গে সমন্বয় করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পরবর্তী পরীক্ষায় টারবাইন, জেনারেটর, নিয়ন্ত্রণব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিতভাবে পরিচালনার সক্ষমতা যাচাই করা হবে। এসব পরীক্ষার ফল সন্তোষজনক হলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে শুরু হবে পরীক্ষামূলক পরিচালনা বা ট্রায়াল অপারেশন। এ পর্যায়ে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে কেন্দ্রটির বিভিন্ন ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে।
রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর ট্রায়াল অপারেশন শুরুর দিন থেকে এ সময় গণনা করা হবে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানিয়েছেন, আগামী জানুয়ারির মধ্যে প্রথম ইউনিটের উৎপাদন ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য রয়েছে। তবে উৎপাদন বাড়ানোর বিষয়টি পরীক্ষার ফলাফল ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভর করবে।
রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নির্মাণ করছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াটে।






