ফুটবল

ম্যারাডোনাকে ছাড়া ছয় বছর পেরিয়ে গেল পৃথিবীর

২৫ নভেম্বর, কিংবদন্তির চিরবিদায়ের ষষ্ঠ বার্ষিকী

ম্যারাডোনাকে ছাড়া ছয় বছর পেরিয়ে গেল পৃথিবীর

ফুটবল বিশ্বে কিছু নাম শুধু খেলোয়াড়ের পরিচয়ে নয়, হয়ে ওঠে আবেগের নাম। ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা তেমনই এক নাম। বল পায়ে তার জাদু, অসাধারণ ড্রিবলিং, নেতৃত্ব আর ফুটবলীয় ব্যক্তিত্ব তাকে নিয়ে গেছে কিংবদন্তির আসনে। মৃত্যুর ছয় বছর পেরিয়ে গেল আজ। ফুটবলপ্রেমীদের হৃদয়ে এখনও অমলিন আর্জেন্টাইন মহানায়ক।

২৫ নভেম্বর, ডিয়েগো ম্যারাডোনার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এই দিনে ৬০ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল ফুটবল বিশ্বে। আর্জেন্টিনা থেকে ইতালি, নাপোলি থেকে বুয়েন্স আয়ার্স- সর্বত্র ভক্তরা শ্রদ্ধা জানিয়েছিলেন চিরবিদায় জানাতে।

১৯৬০ সালের ৩০ অক্টোবর, আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের উপকণ্ঠে ভিয়া ফিওরিতোতে এক দরিদ্র পরিবারে জন্ম ম্যারাডোনার। শৈশব কেটেছে অভাব-অনটনের মধ্যে। তবে ফুটবলের প্রতি ভালোবাসা ছিল সীমাহীন। ছোট্ট বয়সে বল পায়ে অসাধারণ দক্ষতার পরিচয় দিতে শুরু করেন।

মাত্র আট বছর বয়সে আর্জেন্টিনোস জুনিয়র্সের শিশু-কিশোর দল ‘লস সেবোলিতাসে’ যোগ দেন ম্যারাডোনা। সেখান থেকে প্রতিভার বিস্তার। ১৫ বছর বয়সে আর্জেন্টিনোস জুনিয়র্সের মূল দলে পেশাদার ফুটবলে অভিষেক। ১৬ বছর বয়সে আর্জেন্টিনা জাতীয় দল জার্সিতে প্রথম মাঠে নামেন।

দ্রুতই তিনি হয়ে ওঠেন আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের আশা-ভরসার প্রতীক। ছোটখাটো গড়ন, অসাধারণ ভারসাম্য, বাঁ-পায়ের নিখুঁত নিয়ন্ত্রণ আর মুহূর্তের মধ্যে প্রতিপক্ষকে কাটিয়ে ওঠার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।

ম্যারাডোনার ক্যারিয়ারে উজ্জ্বল অধ্যায় ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপ। অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার পথে ছিলেন দলের প্রাণভোমরা। সাত ম্যাচে পাঁচ গোলের পাশাপাশি পাঁচ অ্যাসিস্ট করে জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল।

ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল যেন ম্যারাডোনার ক্যারিয়ারের প্রতিচ্ছবি। ম্যাচের ৫১ মিনিটে হাত দিয়ে করা গোলটি ইতিহাসে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত। চার মিনিট পর নিজের অর্ধ থেকে বল নিয়ে ইংল্যান্ডের একের পর এক খেলোয়াড়কে কাটিয়ে করা গোলটি নির্বাচিত হয়েছে শতাব্দীর সেরা গোল হিসেবে।

একই ম্যাচে বিতর্কিত গোল আর অবিশ্বাস্য ব্যক্তিগত নৈপুণ্য- দুই বিপরীত দিকেই ম্যারাডোনার নাম চিরস্থায়ী হয়ে যায়। শেষ পর্যন্ত তখন পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। শিরোপার পথে ম্যারাডোনার অবদান ছিল অনস্বীকার্য।

১৯৯০ সালের ইতালি বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন। সেমিফাইনালে স্বাগতিক ইতালির বিপক্ষে নাপোলির মাঠে জয় তুলে নেন। যদিও ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা।

ক্লাব ফুটবলে ম্যারাডোনার স্মরণীয় সময় কেটেছে নাপোলিতে। ১৯৮৪ সালে বার্সেলোনা থেকে নাপোলিতে যোগ দেন, কাতালান ক্লাবটিতে ৫৮ ম্যাচে ৩৮ গোল করে যান। সেসময় নাপোলি ছিল তুলনামূলক পিছিয়ে থাকা দল। ম্যারাডোনার নেতৃত্বে বদলে যায় ইতিহাস। ১৯৮৬-৮৭ মৌসুমে নাপোলিকে প্রথমবার সিরি আ শিরোপা জেতান। একই মৌসুমে ইতালিয়ান কাপও জেতে দলটি। ১৯৮৯ সালে নাপোলির প্রথম ইউরোপীয় ট্রফি উয়েফা কাপ জয়ের পেছনেও ছিলেন ম্যারাডোনা। ১৯৮৯-৯০ মৌসুমে আবারও সিরি আ চ্যাম্পিয়ন হয় নাপোলি। ক্লাবটির হয়ে সাত মৌসুমে ২৫৯ ম্যাচে ১১৫ গোল করেন কিংবদন্তি।

আর্জেন্টিনোস জুনিয়র্স, বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া ও নিউয়েলস ওল্ড বয়েজ- ক্লাব ক্যারিয়ারে একাধিক দলের হয়ে খেলেছেন তিনি। ১৯৮১ সালে বোকা জুনিয়র্সের হয়ে আর্জেন্টাইন লিগ জেতেন। বার্সেলোনার হয়ে জেতেন কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপ।

ম্যারাডোনার ক্যারিয়ারে পরিসংখ্যান অসাধারণ কিছুর সাক্ষী। আর্জেন্টিনা জার্সিতে ৯১ ম্যাচে ৩৪ গোল করেছেন। বিশ্বকাপে চার আসরে খেলেছেন ২১ ম্যাচ। করেছেন ৮ গোল, আছে ৮ অ্যাসিস্ট। যার মধ্যে ১৯৮৬ বিশ্বকাপে ছিল ৭ ম্যাচে ৫ গোল ও ৫ অ্যাসিস্ট, জেতেন গোল্ডেন বল।

ম্যারাডোনার জীবন শুধু সাফল্যের গল্প ছিল না। মাঠের বাইরে নানা বিতর্ক, মাদকাসক্তি ও শারীরিক সমস্যায় বারবার বিপর্যস্ত হয়েছেন। ১৯৯১ সালে কোকেন পরীক্ষায় পজিটিভ হওয়ার পর ১৫ মাসের নিষেধাজ্ঞা পান। ১৯৯৪ বিশ্বকাপে খেললেও ডোপিং পরীক্ষায় নিষিদ্ধ পদার্থ ধরা পড়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় তাকে।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে মনোনিবেশ করেন ম্যারাডোনা। ১৯৯৪ সালে আর্জেন্টিনার ক্লাব দেপোর্তিভো মান্দিয়ুতে সহকারী কোচ হিসেবে যাত্রা শুরু করেন। পরের বছর যোগ দেন রেসিং ক্লাবে। এরপর ২০০৮ থেকে ২০১০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলকে কোচিং করান। তার অধীনে সেবছর কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে ৪-০ গোলে হেরে বিদায় নেয় আলবিসেলেস্তেরা।

২০১১ সালে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল এফসিতে যোগ দেন। একবছর সেখানে কোচের দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব আল ফুজাইরাহ যোগ দেন। ১১ মাস পর দায়িত্ব ছেড়ে দেন। ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাব দোরাদোস দে সিনালোয়াকে কোচিং করান। ২০১৯ সালে আর্জেন্টাইন ক্লাব হিমন্যাসিয়া দে লা প্লাতাতে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত ক্লাবটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২০ সালের ২৫ নভেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ম্যারাডোনা। মৃত্যুর কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তজমাটের অস্ত্রোপচার হয়েছিল তার। এরপর বুয়েন্স আয়ার্সের কাছে একটি বাসায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

তার মৃত্যুর পর চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠে। চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, নার্সসহ চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। ২০২৫ সালে বিচারপ্রক্রিয়া বাতিল হয়ে যাওয়ার পর ২০২৬ সালের এপ্রিলে নতুন করে বিচার শুরু হয়।

সর্বশেষ ২০২৬ সালের অক্টোবরে শুনানি ও যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলায় চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত ছয়জনের বিরুদ্ধে বিচার চলছে, একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। আদালত আগামী ২২ ডিসেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করেছে।

ম্যারাডোনা ছিলেন এমন এক ফুটবলার, যিনি একটি দেশের মানুষের স্বপ্নকে বিশ্বমঞ্চে তুলে ধরেছিলেন। ১৯৮৬ বিশ্বকাপের শিরোপা, নাপোলির ইতিহাস বদলে দেয়া সাফল্য কিংবা ইংল্যান্ডের বিপক্ষে সেই অবিশ্বাস্য গোল- সবকিছুই তাকে ফুটবল ইতিহাসের অনন্য উচ্চতায় বসিয়েছে।

বিষয়:আর্জেন্টিনা ডিয়েগো ম্যারাডোনা নাপোলি মৃত্যুবার্ষিকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…