আন্তর্জাতিক

এস্তোনিয়ার বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি রাশিয়ার

এস্তোনিয়ার বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি রাশিয়ার

ছবি: সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে প্রতিবেশী দেশ এস্তোনিয়াকে প্রকাশ্য যুদ্ধের হুমকি দিয়েছে মস্কো। সীমান্ত বন্ধের সিদ্ধান্ত, ইউক্রেনকে রুশ ভূখণ্ডে হামলার জন্য আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়া এবং দেশটিতে বসবাসরত জাতিগত রুশ জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অভিযোগ এনেছে রাশিয়া।

সোমবার (২৩ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব অভিযোগ করে। এতে বলা হয়, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য এস্তোনিয়া এমন কিছু উসকানিমূলক ও বিপজ্জনক পদক্ষেপ নিচ্ছে, যা রাশিয়ার সঙ্গে প্রকাশ্য যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে।

এস্তোনিয়ার পক্ষ থেকে রাশিয়ার সীমান্ত বন্ধের পরিকল্পনা ঘোষণার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এ ছাড়া বাল্টিক সাগরে রাশিয়ার একটি জাহাজে ইউক্রেনের হামলার ঘটনাও উত্তেজনা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার কূটনীতিক মারেক উহতেগিকে তলব করে সীমান্ত বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। এ সময় এস্তোনিয়ার বিরুদ্ধে রুশবিরোধী মনোভাব ছড়ানোর অভিযোগও তোলা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনের ড্রোনকে উত্তর-পশ্চিম রাশিয়ায় হামলার জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে এস্তোনিয়া। পাশাপাশি বাল্টিক সাগরে রাশিয়ার পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়া, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহন নিষিদ্ধের উদ্যোগ, রুশ ভাষার ব্যবহার বন্ধের চেষ্টা এবং রুশ অর্থোডক্স চার্চ বন্ধের হুমকির অভিযোগও আনা হয়েছে।

তবে এস্তোনিয়া এসব অভিযোগের মধ্যে ইউক্রেনের সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা কখনোই অন্য কোনো দেশকে সামরিক অভিযানের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।

এদিকে, আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে সীমান্তের কয়েকটি প্রবেশপথ অন্তত ছয় মাসের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এস্তোনিয়া। দেশটির অভিযোগ, রুশ নিরাপত্তা সংস্থাগুলো এস্তোনিয়ার একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছিল। তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সীমান্ত বন্ধের সিদ্ধান্ত শুধু এস্তোনিয়ার জন্য নয়, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর মিত্রদের জন্যও ক্ষতিকর হবে। রাশিয়ার জাতীয় স্বার্থ ও নাগরিকদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকারও সংরক্ষণ করছে দেশটি।

এস্তোনিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ন্যাটো। বার্লিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জোটের মহাসচিব মার্ক রুটে বলেন, এস্তোনিয়া ও পোল্যান্ডের পরিস্থিতিসহ বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ন্যাটোর প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে হালনাগাদ করা হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের সময়ও রুশভাষীদের অধিকার হরণের অভিযোগ তুলেছিল মস্কো। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বাল্টিক অঞ্চলের ন্যাটো সদস্য দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা ক্রমাগত বাড়ছে।

বিষয়:ইউক্রেন এস্তোনিয়া বৈষম্যের অভিযোগ রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…