প্রথম পর্বের সীমাবদ্ধতা কাটিয়ে আসছে রণবীরের ‘ব্রহ্মাস্ত্র ২

রণবীর কাপুর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় পর্ব নিয়ে অপেক্ষার অবসান ঘটালেন পরিচালক অয়ন মুখার্জি। সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, প্রথম পর্বের তুলনায় ‘ব্রহ্মাস্ত্র ২’ আরও বেশি ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতানির্ভর করে নির্মাণের পরিকল্পনা রয়েছে তার।
সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত ভারতের ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফআই) একটি আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন অয়ন। সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন মালয়ালম সিনেমার পরিচালক ও অভিনেতা বাসিল জোসেফ। আলোচনার বিষয় ছিল পৌরাণিক কাহিনি, সুপারহিরো ও নতুন জগতের চলচ্চিত্র নির্মাণ।
অয়ন জানান, ‘ব্রহ্মাস্ত্র’ নির্মাণের শুরুতে তার ভাবনায় পশ্চিমা চলচ্চিত্রের বেশ কিছু প্রভাব ছিল। বিশেষ করে ‘হ্যারি পটার’ ও ‘দ্য লর্ড অব দ্য রিংস’-এর মতো সিনেমা তাকে অনুপ্রাণিত করেছিল। তবে সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ করতে গিয়ে ধীরে ধীরে ভারতীয় সংস্কৃতি, হিন্দুধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি তার আগ্রহ বাড়তে থাকে।
তার ভাষায়, ‘ব্রহ্মাস্ত্র ২’ নির্মাণের সময় তিনি প্রথম সিনেমার তুলনায় আরও বেশি ভারতীয় উপাদান তুলে ধরতে চান। ব্রহ্মাস্ত্র সিনেমাটির প্রাথমিক নাম ছিল ‘ড্রাগন’। পরে গল্পের সঙ্গে ভারতীয় পৌরাণিক কাহিনি ও আধ্যাত্মিকতার যোগসূত্র আরও স্পষ্ট হওয়ায় নাম পরিবর্তন করে রাখা হয় ‘ব্রহ্মাস্ত্র’।
২০২২ সালের সেপ্টেম্বরে মুক্তি পায় ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন ও মৌনি রায়। বিশেষ উপস্থিতিতে দেখা গেছে শাহরুখ খান ও নাগার্জুনকে। সিনেমাতে শিবা নামের এক অনাথ ডিজের চরিত্রে অভিনয় করেন রণবীর, যার আগুন নিয়ন্ত্রণের বিশেষ ক্ষমতা রয়েছে। অন্যদিকে, আলিয়া অভিনয় করেন ইশা চরিত্রে।
সিনেমাটি বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির বেশি আয় করলেও দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। এ প্রসঙ্গে অয়ন স্বীকার করেন, প্রথম সিনেমাটির গল্প বলার ধরনে কিছু সীমাবদ্ধতা ছিল। দর্শকের প্রতিক্রিয়াকে গুরুত্ব দিয়ে পরবর্তী সিনেমাতে গল্প বলার মান আরও উন্নত করার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি।
এদিকে সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সংস্করণ ও ওটিটি সংস্করণের মধ্যে কিছু পার্থক্য থাকার কথাও জানিয়েছেন পরিচালক। তার ভাষ্য, প্রেক্ষাগৃহে মুক্তির সময় সিনেমার কিছু দৃশ্য সংক্ষিপ্ত করা হয়েছিল। অভিনেতাদের সংলাপের বিরতি ও দৃশ্যের কিছু অংশ বাদ দিয়ে সিনেমাটির গতি বাড়ানোর চেষ্টা করেছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে ওটিটি সংস্করণে কিছু দৃশ্য তুলনামূলক দীর্ঘ রাখা হয়।
নিজের সেই অভিজ্ঞতা থেকে অয়ন মনে করেন, কোনো কিছু বারবার পর্যালোচনা করে পরিবর্তন করলেই তা সব সময় উন্নত হয় না। অতিরিক্ত চিন্তাভাবনা কখনো কখনো কাজের স্বাভাবিক সৌন্দর্যও কমিয়ে দিতে পারে।
প্রথম সিনেমার অভিজ্ঞতা ও দর্শকের প্রতিক্রিয়া মাথায় রেখেই এবার ‘ব্রহ্মাস্ত্র ২’ নির্মাণে এগোতে চান অয়ন মুখার্জি। ফলে নতুন পর্বে ভারতীয় পৌরাণিক কাহিনি ও আধ্যাত্মিকতার আরও গভীর উপস্থাপনা দেখতে পাবেন দর্শকেরা-এমনটাই প্রত্যাশা পরিচালকের। দ্য টেলিগ্রাফ





