ফুটবল

‘আমাদের প্রজেক্টের শেষ ধাপ হোক খেলোয়াড়দের আর্জেন্টিনায় যাওয়া’

‘আমাদের প্রজেক্টের শেষ ধাপ হোক খেলোয়াড়দের আর্জেন্টিনায় যাওয়া’

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। বাংলাদেশের ফুটবলের সাথে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন কাজ করছে প্রতিনিধি দলটি। যার ধারাবাহিকতায় বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্টিফিসিয়াল টার্ফে ইয়ুথ ফুটবল ক্লিনিক-২০২৬ আয়োজন হয়েছে। 

আর্জেন্টিনার প্রতিনিধি দলে আছেন কমার্শিয়াল অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস ডিরেক্টর মারিও মার্টিন তুলা, মেথডোলজি কো-অর্ডিনেটর নিকোলাস, ভারতে এএফএ একাডেমির কোচ ও স্পোর্টস ম্যানেজার অ্যালেক্স। বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার অ্যাম্বাসেডর মার্সেলো কার্লস সেসাও এসেছিলেন আয়োজনে।

ইয়ুথ ক্লিনিকের পর এএফএ কমার্শিয়াল অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের ডিরেক্টর মারিও মার্টিন খেলোয়াড়দের আর্জেন্টিনায় নেয়া হবে কিনা এমন প্রশ্নে বললেন, ‘আমরা পুরো দেশজুড়ে স্কাউটিং করার চেষ্টা করব। সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করব, এবং সবসময় সুযোগটা থাকবে আর্জেন্টিনায় যাওয়ার। আমরা সবসময় চাই যে আমাদের প্রজেক্টের শেষ ধাপ হোক আর্জেন্টিনায় যাওয়া।’

‘আমরা যখন কোন দেশ বা অঞ্চলে কোন একাডেমিকে প্রাতিষ্ঠানিক রূপ দেই, তখন সবসময় কোচ বা স্পোর্টিং ম্যানেজার যিনি মেথডোলজি বা পদ্ধতি হস্তান্তর করেন- তিনি সবসময় আর্জেন্টাইন হন। কারণ আমরা মনে করি, খেলার ধরন তুলে ধরার ও সেটির মূল্য দেয়ার, আমরা যেভাবে ফুটবল খেলি, সেভাবে ফুটবলকে সবার কাছে পৌঁছে দেয়ার একমাত্র উপায় এটিই। তাই আমরা মনে করি, একাডেমির উদ্বোধনের মূল ব্যক্তি একজন আর্জেন্টাইন হওয়াটা মৌলিক বিষয়।’

বাংলাদেশে একাডেমি খোলার ব্যাপারে বাফুফের সাথে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে মার্টিন বলেছেন, ‘না, আমাদের আসলে বাফুফের সাথে ওভাবে আলোচনা হয়নি। কিন্তু আমাদের একটা প্রাইভেট অর্গানাইজেশনের সাথে কথা অনেকদূর এগিয়েছে।’

‘তবে সর্বোচ্চ যেটা কথা, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে এসেছি, এটা মাথায় রাখতে হবে আমদের এই ট্যুরটা বাংলাদেশের লোকজনকে ধন্যবাদ দেয়ার জন্য। বাংলাদেশ আমাদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, তার জন্যই আমরা এখানে এসেছি। আমরা চাই এখানে আমাদের যে আর্জেন্টাইন ফুটবল মেথডোলজি, সেটাকে বাস্তবায়ন করে সেটা কতদূর নিয়ে যাওয়া যায়। বাংলাদেশ থেকে যাতে সেরা প্রতিভা খুঁজে বের করা যায়, সেটাই আমাদের মূল লক্ষ্য।’

পথশিশুদের নিয়ে পরিকল্পনা ঘিরে মার্টিন বলেন, ‘এক্ষেত্রে আসলে আমরা স্পন্সরের উপর নির্ভর করি। যদি স্পন্সর দেয়, তাহলে শুধু এদের জন্য না, আমরা ইউনিভার্সিটিতে যাব, স্কুলে যাব, সব ক্ষেত্রেই আমাদের যে আর্জেন্টাইন মেথডোলজি, সেই তথ্যগুলো আমরা ছড়িয়ে দিতে চাই; তবে নির্ভর করবে স্পন্সরের উপর।’

বিষয়:আর্জেন্টিনা বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…