বিএনপি নেতা ওসমান ফারুকের আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

সংগৃহীত।
বিএনপির সংসদ সদস্য মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগে শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ আসনে আগামী ১০ জানুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার ২৫ নভেম্বর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ ডিসেম্বর।
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৭ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। আগামী বছরের ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
শারীরিক অসুস্থতার কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন বিএনপির এই নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মুহাম্মদ ওসমান ফারুক। তার পদত্যাগের পর গত ১৭ নভেম্বর কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখানে তার চিকিৎসা চলছে। অসুস্থতার কারণে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন সম্ভব না হওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
সম্প্রতি অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও অংশ নিতে পারেননি তিনি। ওই সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ভোট দিতে পারবেন না বলে সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে জানিয়েছিলেন ওসমান ফারুক।






