ক্রিকেট

আইপিএল নিলামে মোস্তাফিজ নেই, যে কারণ জানাচ্ছে ভারতের গণমাধ্যম

আইপিএল নিলামে মোস্তাফিজ নেই, যে কারণ জানাচ্ছে ভারতের গণমাধ্যম

ডিসেম্বরে আইপিএলের ছোট (মিনি) নিলাম। অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মোস্তাফিজুর রহমান। এ বিষয় মুখ খোলেননি টাইগার পেসার। ভারতের গণমাধ্যম জানাচ্ছে, ফিজের না খেলার পেছনের কারণ। তাদের খবর, দুটি কারণে নিলামে অংশ না নেয়ার সিদ্ধান্ত কাটার মাস্টারের। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেলে খেলবেন তিনি।

আইপিএলে গত আসরে নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তৎকালীন বাংলাদেশ-ভারতের রাজনৈতিক টানাটানির কারণে তাকে দলে নিলেও বিসিসিআইয়ের নির্দেশে স্কোয়াড থেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। এ নিয়ে পরে জল ঘোলা কম হয়নি। যার জেরে ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে খেলতে পাঠায়নি তখনকার অন্তর্বর্তী সরকার। আসন্ন আসরেও খেলবেন না ৩১ বর্ষী পেসার।

ভারতের গণমাধ্যম জানাচ্ছে, ‘গতবার যা হয়েছিল তার ক্ষত এখনও মোস্তাফিজুর রহমানের মনের মধ্যে রয়েছে। তিনি ভয় পাচ্ছে নিলামে অবিক্রিত থেকে যাবেন। তাতে বাংলাদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়তে পারেন। সমর্থকরা তাকে লোভীও বলতে পারে। তাই ছোট নিলাম থেকে নাম সরি নিয়েছেন। তবে পিএসএলে ফিজ লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন, পরের মৌসুমেও পিএসএলে খেলবেন।’

আইপিএলে এপর্যন্ত পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯ মৌসুমে খেলেছেন তারকা পেসার। ২০১৬ সালে অভিষেক আসরে জিতেছিলেন সেরা উদীয়মানের পুরস্কার। আইপিএলের ইতিহাসে এই স্বীকৃতি পাওয়া একমাত্র বিদেশি ক্রিকেটার ফিজ। টুর্নামেন্টে ৬০ ম্যাচ খেলে ৬০ উইকেট নিয়েছেন।

আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় হবে আইপিএলের মিনি নিলাম। স্কোয়াডের প্রয়োজনীয় জায়গাগুলো পূরণ করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে মেগা নিলামের মতো এবার পুরো দল নতুন করে সাজানোর সুযোগ থাকছে না। খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেয়ার হিসাব-নিকাশ করেই নিলামে অংশ নিতে হবে দলগুলোকে।

বিষয়:আইপিএল টি-টুয়েন্টি মোস্তাফিজুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…