নাগরিক না হয়েও ভোট দেওয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও ২০২৪ সালের নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগে মোহাম্মদ হাচিবুর রহমান নামে ৩৩ বছর বয়সী এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ এক বছরের ফেডারেল কারাদণ্ড হতে পারে।
মার্কিন বিচার বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে থেকে এই তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মেরিল্যান্ড ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেরিল্যান্ড ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি কেলি ও. হেইস এবং এফবিআইয়ের বাল্টিমোর ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইনচার্জ জিমি পল হাচিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়েরের বিষয়টি জানিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, হাচিবুর রহমান যুক্তরাষ্ট্রের নাগরিক নন, তা জানা সত্ত্বেও ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ভোট দেন। ওই নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট এবং সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হয়েছিল।
তবে কারও বিরুদ্ধে অভিযোগ দায়েরের অর্থ এই নয় যে তিনি অপরাধ করেছেন বলে প্রমাণিত হয়েছে। আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত হাচিবুর রহমানকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে।
অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ এক বছরের ফেডারেল কারাদণ্ড হতে পারে। তবে প্রকৃত সাজা নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির চেয়ে কম দণ্ডও হতে পারে। সংশ্লিষ্ট আইন ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক সাজা নির্ধারণ করবেন।
মামলার তদন্তে সহযোগিতার জন্য এফবিআই এবং যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) ওয়াশিংটন ফিল্ড অফিসকে ধন্যবাদ জানিয়েছেন ইউএস অ্যাটর্নি কেলি ও. হেইস। মামলাটি পরিচালনার দায়িত্বে থাকা সহকারী ইউএস অ্যাটর্নি ফিলিপ মোটসেককেও ধন্যবাদ জানান তিনি।






