অন্যান্য খেলা

আবাহনীর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মারা গেছেন

আবাহনীর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মারা গেছেন

আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। কিডনি রোগে ভুগে সোমবার রাত ১২টায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ ক্রীড়া সংগঠকের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। মঙ্গলবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।

বর্ষীয়ান সংগঠক স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। জানাজার পর নিজ জেলা লক্ষ্মীপুরে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আবাহনী লিমিটেড, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনসহ (বিএসপিএ) বিভিন্ন ক্রীড়া সংগঠন।

১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরে জন্ম হারুনুর রশিদের। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের ফুটবলে নতুন অধ্যায়ের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। আবাহনী ক্রীড়া চক্রের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে নাম। ক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দেশের ফুটবলের বিকাশে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

শুধু আবাহনী নয়, বাফুফে’তে পাঁচবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। একাধিকবার নির্বাহী কমিটির সদস্য ছিলেন। দায়িত্ব পালন করেছেন ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হিসেবেও।

দেশের ফুটবলের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছিল তার পরিচিতি। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। দাায়িত্ব পালন করেছেন ফিফার মিডিয়া কমিটিতেও।

ক্রীড়া সংগঠক হিসেবে অর্জন করেছেন এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ড। দীর্ঘ কর্মজীবনে ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) থেকে পেয়েছেন সেরা সংগঠকের সম্মাননা। ২০২৩ সালে বিএসপিএর প্রথম কায়সার সিনহা সংগঠক পুরস্কারে ভূষিত হন হারুনুর।

বিষয়:আবাহনী প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাফুফ সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…