ফরিদপুরে বাসে আগুন, চালকের মৃত্যু

ছবি: সংগৃহীত
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মো. কালাচাঁদ (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহণের একটি লোকাল বাসের চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিল। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাত ১টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ বলেন, ‘রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।’
এ বিষয়ে কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, দুর্বৃত্তদের আগুনে নিহত বাসচালকের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। এই বাসে অগ্নিকাণ্ডের সঙ্গে কারা জড়িত বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। আমরা দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য কাজ করছি।





