আয়রনম্যান ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ সফলভাবে শেষ করেছেন বাংলাদেশি চিকিৎসক সাকলায়েন রাসেল। ১ জুন জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত হয় বিশ্বের কঠিনতম ট্রায়াথলেট আয়রনম্যানের এবারের আসর।
প্রতিযোগিতায় একটানা ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২.২ কিলোমিটার দৌড় নির্দিষ্ট সময়ে শেষ করতে হয়। সাকলায়েন প্রায় ১৫ ঘণ্টায় ওই দূরত্ব শেষ করে আয়রনম্যান উপাধি পান। সকাল ৭টায় শুরু হয়ে রাত ১১টায় শেষ হয় আসরটি।
সাকলায়েন জানান, জার্মানির বুকে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারা অনেক গৌরবের। বলতে গেলে একটা বড় স্বপ্নের সফল বাস্তবায়ন। তবে দুঃখের বিষয় অত্যন্ত ব্যায়বহুল এ ট্রায়াথলেটে অংশ নিয়ে যারা দেশের মুখ উজ্জ্বল করছেন তারা কোন সরকারি সহায়তা বা পৃষ্ঠপোষকতা পান না। এ ব্যাপারে সরকারের নজর দেয়া জরুরি।
এর আগে তিনি মালয়েশিয়ায় অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ পরপর দুবার শেষ করেন। প্রথম চিকিৎসক হিসেবে টেকনাফ থেকে সাঁতরে সেন্টমার্টিন পৌঁছান। ১৬.১ কিলোমিটারের চ্যানেলটি বাংলা-চ্যানেল নামে পরিচিত।

সাকলায়েন পেশায় ভাসকুলার সার্জন। একটি বেসরকারি হাসপাতালের ভাসকুলার সার্জারীর বিভাগীয় প্রধান।







