ফেনীতে আদালত চলাকালীন বিচারকের সামনেই বিষপান করেছেন এক নারী বিচারপ্রার্থী। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘিরে আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (১০ মে) দুপুরে ফেনী জেলা দায়রা ও জজ আদালতের ফুলগাজী আমলী আদালতের এজলাসে বিচারকের সামনে এ ঘটনা ঘটে।
আদালতের পেশকার জসিম উদ্দিন ও বাদীর আইনজীবি জানান, বিচারপ্রার্থী তাহমিনা আক্তার মোহনা ভালোবেসে ২০২৫ সালের বিয়ে করেন চার সন্তানের পিতা ফুলগাজীর আকবর হোসেনকে। বিয়ের পর বনিবনা না হওয়ায় চলতি বছরের ২৯ জানুয়ারী স্বামীর বিরুদ্ধে মামলা করেন তিনি। রোববার মামলার তারিখ ধার্য্য করা হয়েছিল।
মামলার শুনানিতে বাদী বিবাদী আদালতে উপস্থিত ছিলেন। এসময় বিচার কার্যক্রম চলাকালে ক্ষোভ ও হতাশা থেকে হঠাৎ বিষপান করেন তিনি। পরে আদালতে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।








