জনপদ

ফেনীতে ট্রাকের ধাক্কায় চেকপোস্টে দায়িত্বরত এসআরবি সদস্য নিহত

ফেনীতে ট্রাকের ধাক্কায় চেকপোস্টে দায়িত্বরত এসআরবি সদস্য নিহত

ফেনীতে চেকপোস্টে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর এক ওয়ারেন্ট অফিসার ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকও গুরুতর আহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলমগীর (৪৬) বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৭ (এসআরবি) এর ফেনী ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার শান্তিবাগ এলাকায়। তিনি চেকপোস্টে দায়িত্বরত ছিলেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি সদস্যরা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন। এসময় ঢাকা মেট্রো-ট-১১-১৯৭৮ নম্বরের একটি কাভার্ডভ্যানকে থামানোর সংকেত দিলে চালক গাড়িটি থামান। পরে একই লেনে আসা ঢাকা মেট্রো-ট-১১৬-৯৭৬৮ নম্বরের একটি ট্রাকের চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে চালিয়ে কাভার্ডভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেন।

এরপর ট্রাকটি মহাসড়কের বাম পাশ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীরকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে চালক মো. সজিবও গুরুতর আহত হন।

পরে দায়িত্বরত এসআরবি সদস্যরা দুজনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে মোহাম্মদ আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালক মোঃ সজিব বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার সালাম গাজীর ছেলে।

খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানার হেফাজতে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় মহিপাল হাইওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:এসআরবি সদস্য নিহত ট্রাকের ধাক্কা ফেনী বাংলাদেশ সেনাবাহিনী ব্যাটালিয়ন-৭ (এসআরবি)

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…