স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, কক্সবাজারে ব্লু ইকোনোমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে। বিশ্ববিদ্যালয়টি চালু হলে সমুদ্রভিত্তিক গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং দেশের সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকৃতি রক্ষা করেই পর্যটন অবকাঠামো নির্মাণ করতে হবে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) সম্মেলন কক্ষে ‘স্বপ্নচূড়া’ আবাসিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে কক্সবাজারের সমুদ্রসম্পদ, ব্লু ইকোনোমি ও পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃতিকে সংরক্ষণ করেই কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন করতে হবে। শুধু উঁচু উঁচু ভবন নির্মাণ করে পর্যটন বিকাশ সম্ভব নয়; প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রেখে পরিকল্পিত উন্নয়নই হতে পারে টেকসই পর্যটনের ভিত্তি।
তিনি বলেন, কক্সবাজারকে মানুষ মূলত পর্যটন নগরী হিসেবেই চেনে। অথচ এই জেলার সমুদ্রসম্পদ, গভীর সমুদ্রবন্দর, মৎস্যসম্পদ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে এবং সমুদ্রের অন্যান্য সম্পদ আহরণের উদ্যোগও চলছে।
তিনি আরও বলেন, কক্সবাজারে ব্লু ইকোনোমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে। বিশ্ববিদ্যালয়টি চালু হলে সমুদ্রভিত্তিক গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং দেশের সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকৃতি রক্ষা করেই পর্যটন অবকাঠামো নির্মাণ করতে হবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রিসোর্ট ও অন্যান্য স্থাপনা এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট না হয়। একই সঙ্গে তিনি কক্সবাজারের প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকতকে পরিকল্পিতভাবে পর্যটনের আওতায় এনে দেশি-বিদেশি পর্যটকদের আরও আকৃষ্ট করার উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, আমরা কক্সবাজারের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামী প্রজন্মের জন্য একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশ রেখে যেতে চাই। এই লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ‘স্বপ্নচূড়া’ আবাসিক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব সানজিদা বেগমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।







