আফকনের মাঠের চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে খেলতে এসেছিল সেনেগাল। রাউন্ড অব ৩২তে বাদ পড়ে বেলজিয়ামের কাছে হেরে। আগেভাগে বাদ পড়ায় কোচ পেপে থিয়াওকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন।
২০২৪ সালের ডিসেম্বরে সেনেগালের দায়িত্বে নিয়েছিলেন থিয়াও। তার অধীনে দলটি গ্রুপ ‘আই’য়ে প্রথম দুটি ম্যাচে ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে যায়। তবে ইরানের বিপক্ষে ৫-০ ব্যবধানের বড় জয় তাদের ‘সেরা তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর’ মধ্যে সবার নিচে রাখে, পরবর্তী রাউন্ডে জায়গা করে নিতে সাহায্য করে।
সেনেগাল ফুটবল ফেডারেশন বিবৃতিতে বলেছে, ‘সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ) জনসাধারণকে অবহিত করছে যে, গত শনিবার অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভার পর জাতীয় দলের কোচ পেপে থিয়াও এবং তার সম্পূর্ণ টেকনিক্যাল স্টাফকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
‘২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকে দলের বিদায়ের পর এই সিদ্ধান্তটি নেয়া হয়েছে। জাতীয় দলের ক্রীড়াসুলভ ফলাফল ও ভবিষ্যৎ সম্ভাবনা পর্যালোচনা করার পর, সেনেগালিজ ফুটবলের বৃহত্তর স্বার্থে নির্বাহী কমিটি এই প্রক্রিয়া শুরু করা প্রয়োজন বলে মনে করেছে।’
সিয়াটলে অনুষ্ঠিত নকআউট রাউন্ডে বেলজিয়ামের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল সেনেগাল। খেলার শেষ সময়ের পাঁচ মিনিটে দুটি গোল হজম করে সমতায় পড়ে যায়। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের একেবারে শেষদিকে ইউরি টেলেমানসের পেনাল্টি থেকে গোল হজম করে ৩-২তে ম্যাচ হারে দলটি। সাথে আসর থেকে বিদায় নিশ্চিত হয় পেপে থিয়াওয়ের দলের।







