ধর্ষণচেষ্টায় মুখ থেঁতলে দেওয়া শিশু ঢাকায়, চিকিৎসার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত
টাঙ্গাইলে ধর্ষণচেষ্টার পর ইট দিয়ে মুখ থেঁতলে হত্যার চেষ্টা করা সাড়ে ছয় বছর বয়সী শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। শিশুটির চিকিৎসার সার্বিক খোঁজখবর ও তদারকি করছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
রোববার (১ নভেম্বর) দুপুরে প্রতিমন্ত্রীর নির্দেশনায় অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এর আগে শনিবার রাতে ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে দেখতে যান প্রতিমন্ত্রী। এ সময় তিনি শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন এবং চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।
এদিকে শিশুটির মায়ের করা মামলায় অভিযুক্ত বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে টাঙ্গাইল শহরের কলেজপাড়া পার্ক বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিপ্লব টাঙ্গাইল সদর উপজেলার পূর্ব আদালতপাড়া (চৌধুরী বাজার) এলাকার আব্দুল করিমের ছেলে।

মামলার অভিযোগ অনুযায়ী, শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় চিপস কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যান বিপ্লব। পরে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি বাধা দিলে ইট দিয়ে তার মুখ থেঁতলে দেন তিনি। পরে এক রিকশাচালক গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।






