নতুন বাংলা বছরের প্রস্তুতির ঠিক আগমুহূর্তে ঢাবির চারুকলা অনুষদে আগুনে পুড়ে গেছে প্রতীকী দুটি শিল্পকর্ম ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’। এসব মোটিফ নববর্ষ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার অংশ হিসেবে নির্মাণ করা হচ্ছিল।
আজ ১২ এপ্রিল শনিবার ভোর ৪টা ৪৫ থেকে ৫টার মধ্যে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সেই সময় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা ফজরের নামাজ আদায়ে গিয়েছিলেন। ঠিক সেই ফাঁকেই আগুন লাগানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই আগুন নিছক দুর্ঘটনা, নাকি উদ্দেশ্যপ্রণোদিত তা এখনও নিশ্চিত নয়।
আগুনে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ নামের প্রধান মোটিফটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং ‘শান্তির পায়রা’ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখটি কল্পনাপ্রসূত হলেও, সামাজিক মাধ্যমে অনেকেই একে ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ব্যাখ্যা করেন।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে এবারের বাংলা নববর্ষের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়, ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। সেই থিম অনুযায়ী নির্মিত হয় বিশালাকৃতির মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। প্রায় ২০ ফুট উঁচু এই কাঠামোটি বাঁশ ও বেত দিয়ে তৈরি করা হয়। তাতে আঁকা হয় খাঁড়া শিংওয়ালা, দাঁতাল মুখের এক নারীর ভয়ার্ত মুখাবয়ব।







