বিশ্বজুড়ে মাইক্রোসফটের একাধিক সেবায় বিপর্যয়, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বব্যাপী বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে মাইক্রোসফটের একাধিক জনপ্রিয় সেবা। এর মধ্যে রয়েছে ই-মেইল সেবা আউটলুক, অনলাইন যোগাযোগের প্ল্যাটফর্ম মাইক্রোসফট টিমস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা কোপাইলট। এতে বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী ভোগান্তিতে পড়েছেন।
শুক্রবার ১৩ নভেম্বর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে এই বিপর্যয়ের পেছনে কোনো সাইবার হামলার সংশ্লিষ্টতা রয়েছে এমন ইঙ্গিত পাওয়া যায়নি। বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টার দিকে বিশ্বজুড়ে আউটলুক সেবা নিয়ে সমস্যার অভিযোগ প্রায় ১ লাখ ৪০ হাজারে পৌঁছায়। এতে সেবাটির ব্যাপক ব্যবহারকারীর ভোগান্তির বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
মাইক্রোসফট জানিয়েছে, সংযোগজনিত ত্রুটির কারণে তাদের এসব সেবা ব্যবহারে বিঘ্ন ঘটছে। সমস্যা সমাধান এবং সেবাগুলো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রতিষ্ঠানটির কারিগরি দল কাজ করছে। সেবা পুনরুদ্ধারের কার্যক্রমে অগ্রগতি হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার চেষ্টা চলছে।
মাইক্রোসফট ৩৬৫-এর আওতাধীন এসব সেবা বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত ব্যবহারকারীদের দৈনন্দিন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ই-মেইল আদান-প্রদান, অনলাইন সভা, ফাইল সংরক্ষণ এবং দূরবর্তী অবস্থান থেকে যৌথভাবে কাজ করার ক্ষেত্রে এসব প্ল্যাটফর্ম ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, চলমান সমস্যার কারণে ব্যবহারকারীরা ক্যালেন্ডার অ্যাপের কিছু তথ্য এবং নির্দিষ্ট ফাইল ব্যবহারে বাধার মুখে পড়তে পারেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির এআইভিত্তিক সহকারী কোপাইলটের কার্যক্রমও ব্যাহত হতে পারে।






