ইরান নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর তুমুল বাকবিতণ্ডা, কী ঘটেছিল ফোনালাপে?

ছবি: সংগৃহীত।
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফোনালাপে তীব্র উত্তেজনা ও বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। তবে নেতানিয়াহুর কার্যালয় এই খবরকে ‘ভুয়া সংবাদ ও সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছে।
বৃহস্পতিবার ১৩ নভেম্বর এনডিটিভি ওয়াল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহান্তে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত ফোনালাপের মূল আলোচ্য বিষয় ছিল ইরান যুদ্ধ। ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানো হবে কি না, তা নিয়ে দুই নেতার অবস্থানে স্পষ্ট বিরোধ দেখা দিয়েছে। ইয়েনেট নিউজের এক প্রতিবেদনে কথোপকথনটিকে ‘নরকসম তীব্র বাকবিতণ্ডা’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
এর আগেও ইরান সংঘাত নিয়ে দুই নেতার মধ্যে মতবিরোধের খবর সামনে এসেছে। গত জুনে একাধিক বিষয়ে মতপার্থক্যের পর ট্রাম্প সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে জানিয়েছিলেন, এক ফোনালাপে তিনি নেতানিয়াহুকে ‘পাগল’ বলে মন্তব্য করেছিলেন।
এদিকে মঙ্গলবার ইসরায়েলের ২৬তম নেসেটের শপথ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু ইরান নিয়ে তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি দাবি করেন, ইরান আবারও পারমাণবিক সক্ষমতা গড়ে তোলার চেষ্টা করছে। তার মতে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাদের নেতৃত্বাধীন শাসনব্যবস্থার পতন ঘটানোই দেশটির হুমকি স্থায়ীভাবে দূর করার একমাত্র উপায়।
নেতানিয়াহু বলেন, ‘এই অস্তিত্বগত হুমকি স্থায়ীভাবে দূর করার একমাত্র উপায় হলো আয়াতুল্লাহদের শাসনব্যবস্থার পতন ঘটানো। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে ইসরায়েলকে পারমাণবিক অস্ত্রধারী ইরান মেনে নেওয়ার জন্য আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হতে পারে। একই সঙ্গে গাজা, লেবানন, সিরিয়া ও পশ্চিম তীরে সাম্প্রতিক সামরিক অর্জন ছেড়ে দেওয়ার চাপও আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপের বদলে কূটনৈতিক আলোচনা ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন ট্রাম্প। ইরানকে আলোচনার টেবিলে এনে ছাড় আদায় করাই তার বর্তমান কৌশল বলে মনে করা হচ্ছে।
আলোচনার বিষয়ে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু ট্রাম্পকে ফোন করে যুদ্ধ পুনরায় শুরু করতে চাপ দিচ্ছে। তবে হোয়াইট হাউসের ভেতর ও বাইরে এমন কিছু পক্ষ রয়েছে, যারা নতুন করে যুদ্ধ চায় না।
প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করতে আগ্রহী হলেও ট্রাম্পকে রাজি করানোর জন্য এখনো জোরালো কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এদিকে আরব ও মুসলিম দেশগুলোর নেতারা ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর বিষয়ে উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, সংঘাত আবার শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরও বাড়তে পারে। পাশাপাশি,মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতারা ট্রাম্পকে উত্তেজনা না বাড়িয়ে আলোচনাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিচ্ছেন।
সম্প্রতি সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করবেন কি না, এমন প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, এ মুহূর্তে যুদ্ধ শুরুর কোনো কারণ তিনি দেখছেন না।
সব মিলিয়ে, ইরান ইস্যুতে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে কৌশলগত দূরত্ব বাড়ছে বলে মনে করছে বিশ্লেষকেরা। নেতানিয়াহু যেখানে সামরিক অভিযান ও ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতনকে সমাধান হিসেবে দেখছেন, সেখানে ট্রাম্প আপাতত অর্থনৈতিক চাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট মোকাবিলায় আগ্রহী।
এই মতপার্থক্য ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।






