আন্তর্জাতিক

গণবিক্ষোভ ও ধর্মঘটের চাপে স্পেনে আবাসন সংস্কার অনুমোদন

গণবিক্ষোভ ও ধর্মঘটের চাপে স্পেনে আবাসন সংস্কার অনুমোদন

দীর্ঘদিনের আবাসন সংকট, বাড়িভাড়ার লাগামহীন বৃদ্ধি এবং জোরপূর্বক উচ্ছেদের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ও সাধারণ ধর্মঘটের মুখে আবাসন খাতে বড় ধরনের সংস্কারের অনুমোদন দিয়েছে স্পেন সরকার। নতুন এই উদ্যোগের মাধ্যমে আর্থিক ও সামাজিকভাবে সংকটাপন্ন ভাড়াটিয়াদের উচ্ছেদের বিরুদ্ধে আইনি সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আজ ১৩ নভেম্বর শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, রাজধানী মাদ্রিদসহ দেশটির বিভিন্ন শহরে লাখ লাখ মানুষের বিক্ষোভ এবং রাজনৈতিক চাপের মুখে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার এই সিদ্ধান্ত নেয়। দীর্ঘদিনের আবাসন সমস্যার সমাধানে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি মাদ্রিদে ৮৭ বছর বয়সী মারিকর্মেন আবাসকালকে জোরপূর্বক উচ্ছেদের ঘটনা দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। পরবর্তী সময়ে তার মৃত্যুর ঘটনায় সেই ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। এর প্রতিবাদে প্রধান শ্রমিক ইউনিয়নগুলোর আহ্বানে দেশজুড়ে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট ও কর্মবিরতি পালিত হয়।

এই পরিস্থিতিতে সংকট নিরসনে উদ্যোগী হয় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সংখ্যালঘু সরকার। সরকার আবাসন খাতের সংকট মোকাবেলায় দুটি নতুন ডিক্রি বা অধ্যাদেশ পার্লামেন্টের সংশ্লিষ্ট পরিষদে উত্থাপন করে। পরে সেগুলো অনুমোদন পায়। নতুন সংস্কার অনুযায়ী, অর্থনৈতিক ও সামাজিকভাবে দুর্বল এবং সংকটের মধ্যে থাকা ভাড়াটিয়াদের জোরপূর্বক উচ্ছেদ থেকে আইনি সুরক্ষা দেওয়া হবে। স্থানীয় প্রশাসন তাদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা না করা পর্যন্ত এ সুরক্ষা কার্যকর থাকবে।

উল্লেখ্য, গত এক দশকে স্পেনে বাড়িভাড়া প্রায় দ্বিগুণ হয়েছে। ফলে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য আবাসন ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বড় শহরগুলোতে বাড়িভাড়ার ঊর্ধ্বগতি ও বাসস্থানের সংকট সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের চাপ তৈরি করেছে।

বিষয়:আবাসন সংস্কার গণবিক্ষোভ ধর্মঘট স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…