প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে আজ ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনও করবেন তিনি।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে শিশুদের সৃজনশীলতা, প্রতিভা ও মননশীলতা বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে এসব প্রতিযোগিতা ধাপে ধাপে জাতীয় পর্যায়ে গড়ায়।
এ কর্মসূচিতে দেশের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন ধাপের প্রতিযোগিতায় সেরা হওয়া শিক্ষার্থীদের অনুষ্ঠানে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করা হবে।
এ ছাড়া শিক্ষা খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়েও সম্মাননা দেওয়া হবে। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত সেরাদের পুরস্কৃত করা হবে।






