তারেক রহমান: একজন ঘুরে দাঁড়ানো মানুষের প্রতিকৃতি

বাংলাদেশের ইতিহাস কেবল ক্ষমতায় আসা কিংবা ক্ষমতা ছেড়ে যাওয়ার গল্প নয়। এই ইতিহাস হলো অসীম সংগ্রাম, আত্মত্যাগ এবং বারবার ধ্বংসস্তূপ থেকে নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প।
আর এই ইতিহাসের পরতে পরতে জড়িয়ে আছে এমন একটি পরিবারের নাম, যারা স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।
এই গল্পের শুরু স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দিয়ে। ১৯৭১ সালের ২৬ মার্চ কালুরঘাট বেতারকেন্দ্র থেকে তার সেই ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দিশেহারা জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল।
রণাঙ্গনে বীরত্বপূর্ণ লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ তিনি ভূষিত হয়েছিলেন ‘বীর উত্তম’ খেতাবে।
স্বাধীনতার পর ১৯৭৭ সালে তিনি যখন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন, তখন তার সামনে ছিল যুদ্ধবিধ্বস্ত একটি দেশ।
কিন্তু তার ১৯ দফা কর্মসূচি, কৃষিবিপ্লব এবং বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দেশের অর্থনীতি ও রাজনীতিকে এক নতুন দিশা দেয়। ১৯৭৮ সালে তাঁর হাতেই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।
১৯৮১ সালে তার মর্মান্তিক শাহাদাতের পর দেশ যখন আবারও নেতৃত্বশূন্য, তখন দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া।
একজন সাধারণ গৃহবধূ থেকে দীর্ঘ নয় বছরের আপসহীন সামরিক শাসনবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন গণতন্ত্রের প্রতীক।
১৯৯১ সালে তাঁর নেতৃত্বেই বাংলাদেশে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
নারীশিক্ষা, মেয়েদের উপবৃত্তি এবং শিক্ষাক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধির মতো যুগান্তকারী উদ্যোগগুলো তার শাসনামলের অন্যতম মাইলফলক।
সংগ্রাম ও দেশপ্রেমের এই উত্তরাধিকারই যেন প্রবহমান তারেক রহমানের ধমনিতে।
১৯৬৭ সালের ২০ নভেম্বর জন্ম নেওয়া তারেক রহমানের জীবন শুরু থেকেই ছিল কণ্টকাকীর্ণ।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মাত্র চার বছর বয়সে তাকে মায়ের সঙ্গে বন্দিজীবন কাটাতে হয়েছিল।
পিতা-মাতার বিশাল পরিচয়ের ছায়ায় থাকলেও রাজনীতিতে তার পথচলা শুরু হয় একেবারে তৃণমূল থেকে।
১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন।
এরপর ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে মায়ের নির্বাচনী প্রচারে নেপথ্যে থেকে তিনি অসাধারণ সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন।
১৯৯৭ সালে দলের চরম সংকটের সময় তৃণমূলকে সুসংগঠিত করতে তিনি মাঠে নেমে পড়েন। একের পর এক জেলা সফর করে দলকে নতুন প্রাণ দেন।
তারেক রহমানের রাজনৈতিক জীবনের অন্যতম বড় মাইলফলক ছিল ২০০১ সালের জাতীয় নির্বাচন।
দেশব্যাপী অবিরাম সফর করে তিনি তরুণ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যে বিশাল সংযোগ তৈরি করেন, তা বাংলাদেশের রাজনীতিতে ‘তৃণমূলের রাজনীতি’ হিসেবে নতুন এক অধ্যায়ের সূচনা করে।
তাঁর এই সাংগঠনিক শক্তির ওপর ভর করেই চারদলীয় জোট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে।
২০০২ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর ২০০৫ সালে তিনি দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় শুরু করেন।
কিন্তু তাঁর এই সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তা অনেকেরই ভয়ের কারণ হয়ে দাঁড়ায়।
২০০৭ সালের ১/১১-এর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেপ্তার করে। দীর্ঘ সময় কারাবন্দি থাকার পর এবং শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার পর ২০০৮ সালে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে পাড়ি জমান।
সেখান থেকেই শুরু হয় তার জীবনের আরেক অধ্যায়। ২০০৯ সালে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
এরপর ২০১৮ সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়, তখন চরম এক ক্রান্তিলগ্নে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান।
বিগত দেড় দশকের বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনামলে দলের হাজার হাজার নেতাকর্মী যখন গুম, খুন ও মামলার শিকার, তখন হাজার মাইল দূরের প্রবাস থেকে তিনিই দলের হাল ধরে রাখেন শক্ত হাতে।
প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের প্রতিটি স্তরের নেতাকর্মীর সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ গড়ে তুলে বিএনপিকে তিনি আরও সুসংগঠিত ও ইস্পাতকঠিন সংগঠনে পরিণত করেন।
বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার যে ঐতিহাসিক গণ-অভ্যুত্থান ঘটে, সেখানে তার ও তার সুসংগঠিত দলের অবদান ছিল অত্যন্ত সুদূরপ্রসারী।
আন্দোলন শুরু হওয়ার পর থেকেই তিনি ছাত্র-জনতার ন্যায্য দাবির প্রতি সমর্থন জানান এবং দলের প্রতিটি নেতাকর্মীকে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
তার এই সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্তে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন আরও গতি লাভ করে। দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি এবং ছাত্র-জনতার ঐক্যের চূড়ান্ত পরিণতিতে পতন ঘটে এক স্বৈরশাসনের।
তারেক রহমান এখন কেবল একটি দলের নেতা নন, তিনি আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। শুধু দলের গণ্ডিতে আটকে না থেকে একটি নতুন ও বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি জাতির সামনে উপস্থাপন করেছেন ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’।
যেখানে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, আইনের শাসন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি এবং তরুণদের কর্মসংস্থানের সুস্পষ্ট রূপরেখা রয়েছে।
একজন নেতার প্রকৃত মূল্যায়ন কেবল তার অতীত দিয়ে হয় না; মূল্যায়ন হয় তার কাজ এবং মানুষের প্রত্যাশা পূরণের মাধ্যমে।
দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় আজ কোটি মানুষ।
দেশের মানুষ প্রত্যাশা করে—তার নেতৃত্বে রাজনীতিতে সহনশীলতা আসবে, ভিন্নমতের প্রতি সম্মান থাকবে, দুর্নীতিমুক্ত অর্থনীতি গড়ে উঠবে এবং প্রতিটি নাগরিক সমান অধিকার নিয়ে বাঁচতে পারবে।
ইতিহাস আমাদের অতীত স্মরণ করায়, আর বর্তমান আমাদের ভবিষ্যৎ গড়ার সাহস জোগায়।
শহীদ জিয়ার দেশপ্রেম এবং দেশনেত্রীর আপসহীন সংগ্রামের উত্তরসূরি হিসেবে আগামীর বাংলাদেশ বিনির্মাণের এই যাত্রায় তার প্রতি রইল অগাধ বিশ্বাস ও শুভকামনা।
শুভ জন্মদিন, তারেক রহমান।
আপনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে।
(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই–এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)






