বিনোদন

সত্যিই কি শাকিবের ‘মহব্বত’-এর নায়িকা কিয়ারা আদভানি?

সত্যিই কি শাকিবের ‘মহব্বত’-এর নায়িকা কিয়ারা আদভানি?

সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘মহব্বত’-এর প্রযোজক আরশাদ আদনান বুধবার রাতে তার ফেসবুকে বলিউডের ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘কবির সিং’, ‘শেরশাহ’ সিনেমার অভিনেত্রী কিয়ারা আদভানি’র একটি ছবি পোস্ট করে লিখেছেন ‘নেক্সট’।

বুধবার রাতে প্রযোজকের এই পোস্টের পর থেকে শুরু হয় আলোচনা। তিনি কোনো কিছুই খোলাসা না করলেও নেটিজেনরা ধরেই নিয়েছেন, ‘মহব্বত’-এ শাকিব খানের সঙ্গে অভিনয় করবেন কিয়ারা! এই বিষয়ে একাধিক গণমাধ্যমের অনলাইন সংস্করণে খবরও প্রকাশিত হয়েছে।

তবে খোঁজ নিয়ে জানা যায়, মহব্বত সিনেমায় নায়িকা হিসেবে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমীকে ইতোমধ্যেই চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। তাই হিমেল আশরাফ পরিচালিত ‘মহব্বত’ সিনেমায় কিয়ারা আদভানির থাকার কোনো সম্ভাবনাই নেই।

প্রযোজনা সংস্থাটির সাথে জড়িত, একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে- ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো দর্শক নন্দিত সিনেমার আরশাদ আদনান যেহেতু ফেসবুকে পোস্ট করেছেন কিয়ারাকে নিয়ে, ধারণা করা যাচ্ছে হয়তো আগামী বছরের নতুন কোনো সিনেমার ব্যাপারে ভাবা হচ্ছে!

চ্যানেল আই অনলাইনকে আরশাদ আদনান বলেন, মহব্বতের নায়িকা আগেই চূড়ান্ত করা হয়েছে। কিয়ারা আদভানি মহব্বতে নেই এতটুকু কনফার্ম। ভার্সেটাইল মিডিয়ার কোন প্রজেক্টে কিয়ারা আদভানি থাকবে সেটা প্রাইমারি স্টেজে রয়েছে। ফলপ্রসূ কিছু হলে আমরাই ঘোষণা দেব।

এই সময়ের অন্যতম আলোচিত নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত ‘মহব্বত’ এর রাইটার হিসেবে যুক্ত আছেন চলচ্চিত্র সমালোচক ও কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব, যিনি ‘আরএনএআর’ নামে পরিচিত। আগামী ঈদুল আজহায় ‘মহব্বত’ মুক্তির পরিকল্পনা রয়েছে।

বিষয়:আরশাদ আদনান কিনজা হাশমি কিয়ারা আদভানি মহব্বত শাকিব খান হিমেল আশরাফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…