বিনোদন

বাবার সঙ্গে তুলনাকে প্রশংসা মনে করেন আরিয়ান!

বাবার সঙ্গে তুলনাকে প্রশংসা মনে করেন আরিয়ান!

বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে নিজের তুলনাকে প্রশংসা হিসেবেই দেখেন ছেলে আরিয়ান খান। বাবার পরিচয়ের বাইরে নির্মাতা হিসেবে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরির চেষ্টা করছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে তুলনা, নিজের নির্মাণশৈলী এবং ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ সালমান খানের বিশেষ উপস্থিতি নিয়ে কথা বলেছেন আরিয়ান। 

১৯ নভেম্বর প্রকাশিত ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় জায়গা পেয়েছেন আরিয়ান খান। প্রথমবারের মতো প্রকাশিত এই তালিকার প্রচ্ছদে তার সঙ্গে রয়েছেন নির্মাতা পায়েল কাপাডিয়া, তেজা রিও এবং আরও অনেকে।

টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বাবার সঙ্গে তুলনা প্রসঙ্গে আরিয়ান বলেন, শাহরুখ খানের সঙ্গে অনেকেরই তুলনা করা হয়। সেই তালিকায় নিজের নাম থাকায় তার কোনো আপত্তি নেই। বরং বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখেন তিনি। আরিয়ানের ভাষায়, ‘এক নম্বর ব্যক্তির সঙ্গে তুলনা করাকে আমি প্রশংসা হিসেবেই দেখি। তিনি সত্যিই অসাধারণ’। বাবাকে বোঝাতে ‘বিস্ট’ শব্দটিও ব্যবহার করেন তিনি।

নির্মাতা হিসেবে নিজের দক্ষতা প্রসঙ্গে আরিয়ান বলেন, কোনো ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে তিনি ভালো। কাগজে একটি ধারণা তুলে ধরা থেকে শুরু করে সেটি বাস্তবায়ন পর্যন্ত নিয়ে যেতে পারেন তিনি।

সাক্ষাৎকারে ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজে সালমান খানের বিশেষ উপস্থিতির পেছনের ঘটনাও তুলে ধরেন আরিয়ান। তিনি জানান, সিরিজের শুটিংয়ের সময় জানতে পারেন, একই স্থানে রয়েছেন সালমান। এরপর অভিনেতার দলের সাথে যোগাযোগ করে তার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন। তবে সালমান নিজেই আরিয়ানের শুটিং সেটে যাওয়ার প্রস্তাব দেন।

সালমান আসছেন জানতে পেরে আরিয়ান তার সিনেমাটোগ্রাফারকে একটি শট প্রস্তুত রাখতে বলেন। সেটে পৌঁছে সালমান শুটিংয়ের অবস্থান জানতে চাইলে আরিয়ান তাৎক্ষণিকভাবে তাকে একটি সংলাপ দেন এবং ক্যামেরার সামনে দাঁড়ানোর নির্দেশনা দেন। মুহূর্তটি পরে সিরিজের অন্যতম স্মরণীয় দৃশ্যে পরিণত হয়।

সাত পর্বের ‘দ্য ব্যাডস অব বলিউড’ আরিয়ানের নির্মাতা হিসেবে অভিষেক। নেটফ্লিক্সে ২০২৫ সালে মুক্তি পাওয়া সিরিজটির গল্প আবর্তিত হয়েছে আসমান নামের এক উচ্চাকাঙ্ক্ষী তরুণকে ঘিরে। বলিউডে নিজের অবস্থান তৈরির স্বপ্ন দেখা আসমানের যাত্রায় সঙ্গী হয় তার বন্ধু পারভেজ ও ম্যানেজার সানিয়া।

সিরিজটিতে অভিনয় করেছেন লক্ষ্য, সাহের বাম্বা, রাঘব জুয়াল, ববি দেওল, অনন্যা সিং, মোনা সিং, মনোজ পাহওয়া ও রজত বেদি। শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে সিরিজটি।

এদিকে শাহরুখ খানকে সামনে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায়। অ্যাকশন-থ্রিলারধর্মী এই সিনেমায় আরও অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি ও জয়দীপ আহলাওয়াত। হিন্দুস্তান টাইমস

বিষয়:‘দ্য ব্যাডস অফ বলিউড’ আরিয়ান খান টাইম প্রশংসা বাবার সঙ্গে তুলনা শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…