বিনোদন

প্রয়াত ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

প্রয়াত ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

বিশ্বখ্যাত কুস্তি সংস্থা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) তারকা ব্রনসন রিড আর নেই। মাত্র ৩৮ বছর বয়সে মারা গেছেন অস্ট্রেলীয় এই কুস্তিগির। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ডব্লিউডব্লিউই। চিকিৎসাজনিত জটিলতায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। 

ব্রনসন রিডের প্রকৃত নাম জারমেইন হ্যালি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ডব্লিউডব্লিউই জানায়, জারমেইন হ্যালি, যিনি ব্রনসন রিড নামে পরিচিত, চিকিৎসাজনিত জটিলতায় ৩৮ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুতে সংস্থাটি গভীরভাবে শোকাহত।

বিবৃতিতে আরও বলা হয়, কুস্তি জগতে ব্রনসন ছিলেন অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তিত্ব। পেশাগত পরিচয়ের বাইরেও তিনি ছিলেন অসাধারণ মানুষ, পরিবারের প্রতি নিবেদিত এবং সহকর্মীদের অত্যন্ত প্রিয়।

তার অন্তঃসত্ত্বা স্ত্রী পেইজ, তাদের মেয়ে, পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ডব্লিউডব্লিউই।

সৌদি আরবে অনুষ্ঠিত সংস্থাটির ‘ক্রাউন জুয়েল’ আয়োজনে সর্বশেষ দেখা গিয়েছিল ব্রনসন রিডকে। গত ৭ নভেম্বর অনুষ্ঠিত ওই আয়োজনে দলীয় চ্যাম্পিয়নশিপের ম্যাচে ব্রন ব্রেকার ও অস্টিন থিওরিকে সহযোগিতা করতে কুস্তির মঞ্চে উপস্থিত হন তিনি। তাদের প্রতিপক্ষ ছিলেন পেন্টা ও জে’ভন ইভান্স।

ম্যাচ চলাকালে প্রতিপক্ষ কুস্তিগির ওবা ফেমির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন রিড। একপর্যায়ে তাকে মঞ্চ থেকে নিচে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় গুরুতর আহত হন তিনি। বিভিন্ন প্রতিবেদনে তার পাঁজরের হাড় ভাঙা ও কিডনিতে আঘাত পাওয়ার কথা জানানো হয়। চিকিৎসার জন্য তাকে সৌদি আরবেই থাকতে হয়েছিল। পরে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান।

এর আগে ওই আয়োজনে আহত হওয়ার পর রিড হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানিয়েছিল ডব্লিউডব্লিউই। তবে তার মৃত্যুর সাথে ওই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

২০১৯ সালে ডব্লিউডব্লিউইতে যোগ দেন অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্ম নেওয়া জারমেইন হ্যালি। ক্যারিয়ারে একবার এনএক্সটি উত্তর আমেরিকান চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি। এ ছাড়া ২০২৪ সালে জয় করেন আন্দ্রে দ্য জায়ান্ট স্মারক যুদ্ধ-রাজকীয় প্রতিযোগিতা। দ্য টেলিগ্রাফ

 

বিষয়:অস্ট্রেলীয় ডব্লিউডব্লিউিই ব্রনসন রিড মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…