৭৫ বছর বয়সে প্রয়াত জিৎ গঙ্গোপাধ্যায়ের মা

মা হারালেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীত পরিচালক, সুরকার ও সংগীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ৭৫ বছর বয়সে মারা গেছেন তার মা মীনা গঙ্গোপাধ্যায়। মায়ের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন এই সংগীতশিল্পী।
মাকে হারিয়ে গভীর শোকে ভেঙে পড়েছেন জিৎ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, ‘আমার মা, শ্রীমতী মীনা গঙ্গোপাধ্যায়, আজ সকাল ৯টায় অমৃতলোকের উদ্দেশ্যে যাত্রা করেছেন। আমার পৃথিবীটা আজ শূন্য হয়ে গেল।’
পোস্টে ব্যক্তিগতভাবে সবার সঙ্গে যোগাযোগ করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। পাশাপাশি মায়ের জন্য সবার কাছে প্রার্থনা কামনা করেন।
মায়ের শেষ বিদায়ে অংশ নিতে মুম্বাই থেকে কলকাতায় আসছেন জিৎ গঙ্গোপাধ্যায়। তার সঙ্গে আসছেন স্ত্রী চন্দ্রাণী গঙ্গোপাধ্যায়ও। পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার রাত ৯টা নাগাদ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে মীনা গঙ্গোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
দীর্ঘদিন ধরে কাজের সূত্রে মুম্বাইয়ে বসবাস করছেন জিৎ গঙ্গোপাধ্যায়। তার মাতৃবিয়োগের খবরে শোক প্রকাশ করেছেন টালিউড ও বলিউডের সহকর্মী এবং অসংখ্য অনুরাগী। প্রয়াত মীনা গঙ্গোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।






