শিল্প সাহিত্য

দ্য হুমায়ূন আহমেদ!

দ্য হুমায়ূন আহমেদ!

নীলু-জরি-পরী, মন্টু-বল্টু সাদামাটা নামগুলো যে কোনো বিশেষ নাম হতে পারে তা বুঝিয়েছিলে তুমি।
আর রবীন্দ্রনাথ! আবারো তার যৌবন ফিরে পেলেন এই বাংলায়।

তাই প্রথম কদমফুল নিয়ে মাতি আমরা ঝুম বর্ষায়।
খটোমটো মিসির আলী হতে না চাইলেও, সবার মনে হিমুর বসবাস।

আর সব মেয়েদের বুকে তিথির নীল তোয়ালে নিয়ে রুপার দীর্ঘশ্বাস!

চান্নী পসর রাতে ফিনিক দেয়া জোছনা আর জননীর গল্প শুনিয়েছিলে তুমি।

তাইতো আকাশ ফাটা চাঁদের আলোয় অবগাহনে চলে আমাদের জোছনা বিলাস।
এই ভাবেই তুমি থেকে যাবে এই বাংলায় আমাদের আটপৌরে জীবনের সঞ্জিবনী।

কেন না তুমি যে আমাদের আগুনের পরশমণি!

আমাদের বাংলাদেশে মানে পূর্ব বাংলার দু’জন ঔপন্যাসিক বহুল পাঠকের হৃদয়ের শাখা ধরে নাড়া দিতে পেরেছিলেন। একজন জহির রায়হান, আরেকজন হুমায়ূন আহমেদ। একজন স্বাধীনতার আগে আরেকজন স্বাধীনতার পরে। জহির রায়হান নাটক, উপন্যাস, গান, কবিতা চলচ্চিত্র সকল মাধ্যমে রাজার মত বিচরণ করেছেন। তাঁর অকাল প্রয়াণের পর হুমায়ুন আহমেদ সেই হালটি ধরেছেন। দু’জনেই সহজ সরলভাবে আটপৌরে জীবন কাহিনী রচনা করে গেছেন। তাঁরা দু’জনেই যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছেন। তাঁদের সাহিত্যের মান নিয়ে মত-দ্বিমত থাকতে পারে। কিন্তু তাঁরা এ পর্যন্ত পাঠকের মনে দৃঢ়ভাবে স্থান করে নিয়েছেন এতে কারোর সন্দেহ থাকতে পারে না।

হুমায়ুন আহমেদ যে কাজটি করেছেন সেটার সুযোগ জহির রায়হান পাননি। সেটা হলো বাংলাদেশের পাঠককূলকে পশ্চিম বাংলার সাহিত্যের পাশাপাশি পুর্ববাংলায় নিজেদের সাহিত্যকে প্রতিষ্ঠিত করা। সেই সাথে প্রকাশনা শিল্পকে বিশাল একটা ব্যাকআপ দেয়া। যার দরুন বিশাল এক সেলের কারণে বিভিন্ন সময়ে প্রকাশনা শিল্প রমরমা ব্যবসা করেছে আর করছে এখনো।

স্বীকার করি আর নাই করি হুমায়ূন আহমেদ জীবিতকালে বিশাল এক পাঠক গোষ্ঠী তৈরি করতে পেরেছেন। শুধুই কি পাঠক? লেখকও। একজন লেখক তখনই জনপ্রিয়তার চূড়ান্তে চলে গেছে বোঝা যায় যখন তাঁর স্টাইলে অন্য লেখকরা লিখতে শুরু করেন। বিশেষ করে ইয়াং জেনারেশনের লেখকেরা। হুমায়ূন আহমেদের ক্ষেত্রে তাই হচ্ছে!

তার উপর তাঁর লেখার চরিত্র নিয়ে নিজেকে কল্পনা করে সে মতে চলাফেরা বা ফ্যাশন করা। এই জিনিসটা ইয়াং জেনারেশনই করে! এই যে জেনারেশনের উপর ছাপ ফেলা এটাও জনপ্রিয়তার এক বড় মাপকাঠি।

আর সবচেয়ে বড় কথা হুমায়ূন আহমেদ কোনো ঘরানার হয়ে যাননি। বা কারো কাছে বা কোনো মতবাদের কাছে বন্দী হয়ে যাননি। মাথা বিক্রির তো প্রশ্নই আসে না। উনি নজরুলের মত বিদ্রোহী না হলেও নিজের মত করে চলেছেন। আবার নিজের কোনো মতকেও উনি প্রতিষ্ঠিত করতে চাননি। তাই তাঁর এই মুক্তমনা এটিটিউডকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।

প্রগতিশীল হওয়া আর ঘরানা হওয়ার মধ্যে পার্থক্য আছে। মাওলানা আকরাম খাঁ একবার এরকমই বলেছিলেন যে, যখন একজন লেখকের আদর্শ যখন সম্পুর্ণ মস্কো বা মক্কার দিকে চলে যায়, তখন সে তার বিশ্বস্ততা হারায়!

আমরা নিঃসন্দেহে বলতেই পারি, উপন্যাসের বিশাল কাটতির কারণে বাংলাদেশের প্রকাশনা শিল্পে বিপ্লব ঘটিয়েছিলেন হুমায়ূন আহমেদ। টিভি নাটকও একটা ভিন্ন মাত্রা পেয়েছে হুমায়ূন আহমেদের হাতে। আবার হুমায়ূন আহমেদের করা বিভিন্ন বিজ্ঞাপনগুলোতেও ছিল ভিন্ন আঙ্গিক।

চলচ্চিত্রেও আরেক বিপ্লব ঘটিয়েছেন হুমায়ূন আহমেদ। হুমায়ুন আহমেদের গান কবিতাও বহুল সমাদৃত হয়েছে।

আসল কথা যেটাতে হাত দিয়েছেন তাই সোনা হয়ে ফলেছে হুমায়ূন আহমেদের হাতে!

রবীন্দ্র-নজরুলের পর জহির রায়হান আর হুমায়ূন আহমেদ বহুমুখী এক বিস্ময়কর আবির্ভাব হিসেবে আবির্ভূত হয়েছিলেন এই বাংলায়।

বিষয়:আমার হুমায়ূন হুমায়ূন আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…