নতুন প্রশাসনে কতটা বদলেছে পাবলিক বিশ্ববিদ্যালয়, ফিরেছে কি শিক্ষার পরিবেশ?

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন দুই বিদেশি শিক্ষার্থী। এমনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় শর্ট কোর্সে অংশ নিতে আসা চীনের আট শিক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে যাচ্ছেন।
দেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব কেবল রাষ্ট্রীয় প্রশাসন কিংবা জাতীয় রাজনীতিতে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসেও।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও তৈরি হয় অস্থিরতা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পদত্যাগ, প্রশাসনিক রদবদল, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে মতবিরোধ এবং ছাত্ররাজনীতির নতুন সমীকরণে অনেক ক্যাম্পাসে দেখা দেয় অস্থিরতা। অন্তর্বর্তী সরকারের পুরো সময়জুড়েই বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়টি ছিল বড় চ্যালেঞ্জ।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে স্থবির হয়ে পড়া শিক্ষা কার্যক্রমে কতটা গতি ফিরেছে? নিয়মিত ক্লাস-পরীক্ষা আয়োজন ও দীর্ঘদিনের সেশনজট নিরসনে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? আবাসিক হলের আসন বণ্টন এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক প্রভাব কতটা কমেছে?
এসব প্রশ্নের উত্তর খুঁজতে দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেছে চ্যানেল আই অনলাইন। সাধারণ শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতা, প্রক্টর, উপাচার্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে উঠে এসেছে নতুন প্রশাসনের অধীনে শিক্ষা ও রাজনৈতিক পরিবেশের পরিবর্তন, সীমাবদ্ধতা এবং শিক্ষার্থীদের প্রত্যাশার চিত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয়: নিরাপত্তা ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামের সূতিকাগার হিসেবে পরিচিত এই বিশ্ববিদ্যালয় থেকেই জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনও নতুন গতি পায়। তবে গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে প্রশাসনিক রদবদল, ছাত্ররাজনীতির নতুন সমীকরণ এবং ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নানা সময় অস্থিরতা দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের অধীনে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম কতটা গতিশীল হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কতটা রাজনৈতিক প্রভাবমুক্তভাবে পরিচালিত হচ্ছে, তা জানতে কথা হয় শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, বর্তমান উপাচার্য ও নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার আট মাস পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। বিশেষ করে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান বিএনপি আমলের প্রশাসনের মধ্যে কার্যত কোনো পার্থক্য নাই।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বায়ত্তশাসন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, আবাসনসংকট, খাবারের বাড়তি দাম, অস্বাস্থ্যকর পরিবেশ, চিকিৎসা ও পরিবহনব্যবস্থার অব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভোগান্তি কমেনি।
মোজাম্মেল হক আরও বলেন, ২০২৪ সালের ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলা, দীর্ঘ ১৬ বছরের গণরুম-গেস্টরুমে নির্যাতন কিংবা সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা সন্তোষজনক নয়। শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগও প্রশাসনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে।
তার অভিযোগ, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রসংগঠনের মাধ্যমে সন্ত্রাস ও দখলদারত্বের পুনরুত্থান ঘটলেও প্রশাসন কার্যকর ভূমিকা নিচ্ছে না। এতে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।
অন্যদিকে, হলগুলোতে রাজনৈতিক প্রভাবের বিষয়ে আমীর হামজা ডাকসু সদস্য (স্বতন্ত্র) আমীর হামজা মনে করেন, ছাত্রলীগের শাসনামলে ভিন্নমত ও ভিন্ন রাজনৈতিক আদর্শের শিক্ষার্থীদের অনেক ক্ষেত্রেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হতে বাধ্য করা হতো। কিন্তু বর্তমানে ছাত্রদল ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠন নিজেদের মতো করে কার্যক্রম পরিচালনা করছে। কোনো সংগঠনের কর্মসূচিতে অন্য শিক্ষার্থীদের বাধ্য করার প্রবণতা আগের মতো নেই।
তবে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: একাডেমিক সংস্কারের দাবি, বাস্তবায়নে ধীরগতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর সাবেক কার্যকরী সদস্য ও শিক্ষার্থী মো. চিশতি মনে করেন, জুলাই গণঅভ্যুত্থানের আগে বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক ক্যালেন্ডারের অভাব এবং একাডেমিক সংস্কারের ঘাটতি ছিল প্রকট। রাজনৈতিক প্রভাবের কারণে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ ও শিক্ষা কার্যক্রমেও অনিয়মের অভিযোগ ছিল। অনেক ক্ষেত্রে ভাইভা বা যথাযথ মূল্যায়ন ছাড়াই রাজনৈতিক তদবিরের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এমন শিক্ষকেরও উদাহরণ রয়েছে, যারা প্রজেক্টর বা আগে থেকে তৈরি করা প্রেজেন্টেশন ছাড়া শ্রেণিকক্ষে পাঠদান করতে পারেন না।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর তারা একাডেমিক সংস্কারের দাবিতে কয়েকটি প্রস্তাব দিয়েছিলেন। শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে ভাইভা, শিক্ষার্থীদের সামনে ডেমো ক্লাসসহ চার ধরনের মূল্যায়ন পদ্ধতি চালুর প্রস্তাব ছিল। পাশাপাশি রাজনৈতিক তদবিরে আগে নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগ্যতা ও পাঠদানের মান যাচাইয়ে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর দাবি জানানো হয়েছিল।
কিন্তু প্রায় দুই বছর পেরিয়ে গেলেও বারবার দাবি জানানো, আন্দোলন ও অনশন কর্মসূচি পালন করেও শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করা সম্ভব হয়নি। একাডেমিক ক্যালেন্ডারসহ গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোরও বাস্তবায়ন হয়নি।
শিক্ষকদের অভ্যন্তরীণ রাজনীতির কারণে শিক্ষার্থীদের একাডেমিক জীবন ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও করেন তিনি। তার দাবি, কোনো বিভাগের শিক্ষকদের মধ্যে বিরোধ বা রাজনৈতিক দ্বন্দ্ব থাকলে তার প্রভাব শিক্ষার্থীদের ফলাফলে পড়ছে।
এমন অভিযোগও রয়েছে, যোগ্যতা অনুযায়ী ভালো ফল করার সামর্থ্য থাকলেও শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কোনো শিক্ষার্থীকে ইচ্ছাকৃতভাবে কম নম্বর দেওয়া হচ্ছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে তারা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলনও করেছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন ঘিরেও উদ্বেগের কথা জানান তিনি। তার অভিযোগ, নির্বাচন সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ দেওয়ার অভিযোগ থাকা কিছু শিক্ষককে পুনর্বাসনের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলমান থাকলেও তা কীভাবে শিথিল বা সীমিত করা যায়, তা নিয়ে শিক্ষকদের একটি অংশের মধ্যে আলোচনা হচ্ছে বলে তারা জানতে পেরেছেন।
তবে নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন তাদের আশ্বস্ত করেছেন, দ্রুত একটি একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হবে।
শিক্ষার্থীরা আশা করছেন, প্রতিশ্রুতি অনুযায়ী এটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের সেশনজট কমবে। উদাহরণ হিসেবে ফার্মেসি বিভাগের কথা উল্লেখ করে চিশতি বলেন, এ বিভাগ থেকে স্নাতক শেষ করতে অনেক শিক্ষার্থীর প্রায় আট বছর লেগে যায়।
হলের আসন বণ্টনে রাজনৈতিক প্রভাবের বিষয়ে দর্শন বিভাগের শিক্ষার্থী তাম্মি রহমান বলেন, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অছাত্রদের চিহ্নিত করে বের করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ জন্য কক্ষ ধরে তল্লাশিও চালানো হয়েছিল। পরে নিয়ম অনুযায়ী আসন বণ্টনের প্রক্রিয়া শুরু হয়। তখন থেকেই হলের আসন বণ্টনে তুলনামূলক শৃঙ্খলা ফিরে আসে।
নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পর এ ক্ষেত্রে এখন পর্যন্ত চোখে পড়ার মতো কোনো পরিবর্তন দেখা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাবের আশঙ্কা প্রকাশ করে তাম্মি রহমান বলেন, বর্তমান সরকার একটি রাজনৈতিক দলের নেতৃত্বে গঠিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তারের আশঙ্কা রয়েছে। বিশেষ করে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এর প্রভাব পড়তে পারে।
তিনি আরও বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিএলসি ইনস্টিটিউটে একটি ঘটনায় একজনকে তালাবদ্ধ করে রাখার পর ছাত্রদলের নেতাকর্মীরা গিয়ে তাকে বের করে আনেন। এ ধরনের ঘটনায় প্রশাসনিক কার্যক্রমে ছাত্রসংগঠনের প্রভাব নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তগুলো কতটা শিক্ষার্থীবান্ধব এবং দলীয় প্রভাবমুক্ত থাকবে, তা নিয়ে সংশয় রয়েছে তাদের।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামসুল আলম মনে করেন, ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে যে অস্থিরতা ছিল, তা অনেকটাই কমেছে। বিশেষ করে কোনো একটি ছাত্রসংগঠনের একক আধিপত্য আর আগের মতো নেই।
তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী সংগঠনগুলো শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি অনুসরণ করেছে। ক্যাম্পাসের বিভিন্ন হলসহ অন্যান্য স্থানে তারা স্বাধীনভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পেরেছে। এর ফলে শিক্ষা কার্যক্রমও গতিশীল হয়েছে, যার ধারাবাহিকতা এখনো বজায় রয়েছে।
একাডেমিক ক্যালেন্ডার নিয়ে আগে কিছু সীমাবদ্ধতা ছিল বলে জানান তিনি। তার ভাষ্য, বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ক্যালেন্ডার থাকলেও তা মূলত বিভাগকেন্দ্রিক ছিল। বিশ্ববিদ্যালয় কিংবা ডিন অফিসের সমন্বয়ে সমন্বিত কোনো একাডেমিক ক্যালেন্ডার ছিল না।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের দাবি অনুযায়ী একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগও নেওয়া হয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পরিকল্পনা তৈরি করে জমা দিতে বলেছে। পরিকল্পনা জমা দেওয়া হলে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
সেশনজট নিরসনে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের কাছে কোন কোন বিভাগে ক্লাস, পরীক্ষা ও ফল প্রকাশে বিলম্ব হচ্ছে, তা জানতে চাওয়া হয়েছে। বিশেষ করে কোন শিক্ষকদের কারণে উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশে দেরি হচ্ছে, সে বিষয়ে প্রতিবেদন চাওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াকে জবাবদিহির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে জনবলসংকটের কারণে বিভিন্ন দপ্তর থেকে সাত-আটজন কর্মী এনে সেখানে যুক্ত করা হয়েছে। অটোমেশন চালু না থাকায় পরীক্ষা ফরম পূরণ, জমা দেওয়া, ফল সংগ্রহ ও সনদ উত্তোলনে শিক্ষার্থীদের যে ভোগান্তি হয়, তা কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অটোমেশন ব্যবস্থা চালু হলে এসব সমস্যা আরও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
হলগুলোতে রাজনৈতিক আধিপত্যের বিষয়ে অধ্যাপক শামসুল আলম বলেন, বর্তমানে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি ও ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করছে। কোনো সংগঠন অন্য সংগঠনের কার্যক্রমে হস্তক্ষেপ করছে না।
এ ছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গ্রহণের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনিক জটিলতার কারণে তারা যাতে ভোগান্তিতে না পড়েন, সে জন্য বিভাগগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়: প্রশাসনিক সিদ্ধান্তে চাপ নেই, কমেছে সেশনজট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন প্রশাসনিক কার্যক্রমে বেশ গতিশীল। শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সময় তৈরি হওয়া বিরোধ ও সংঘাত নিরসনে তিনি সংশ্লিষ্ট সবার মতামতকে গুরুত্ব দেন।
রাজনৈতিক প্রভাবমুক্তভাবে প্রশাসন পরিচালনার বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে আবাসনসংকট রয়েছে। ছেলেদের জন্য কোনো আবাসিক হল নেই, মেয়েদের জন্য রয়েছে একটি হল। এতে হলকেন্দ্রিক রাজনৈতিক প্রভাবের বিষয়টি এখানে তুলনামূলকভাবে কম। প্রশাসনিক কার্যক্রমেও তারা স্বাধীনভাবে কাজ করছেন।
ক্ষমতাসীন দলের পক্ষ থেকে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে কোনো চাপ রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এমন কোনো চাপ নেই, যাতে সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হচ্ছে। প্রশাসন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে।

সেশনজট প্রসঙ্গে অধ্যাপক সাবিনা শরমীন বলেন, করোনাকালে যে সেশনজট তৈরি হয়েছিল, তা প্রায় কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য কোনো সেশনজট নেই বললেই চলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়: দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও নিরাপত্তা জোরদারের উদ্যোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী চ্যানেল আই অনলাইনকে বলেন, নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
তিনি জানান, আন্তর্জাতিক কিউএস র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানের উন্নতি হচ্ছে। পাশাপাশি আগামী ২০ বছরের জন্য একটি পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোর্স ও কারিকুলাম যুগোপযোগী করতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের প্রধান ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক সভা হয়েছে। শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়টিও পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে।
ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উপ-উপাচার্য বলেন, সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে নিরাপত্তাচৌকি স্থাপন, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, সিসিটিভি কার্যক্রম সম্প্রসারণ এবং এআই ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার উদ্যোগও চলছে।
প্রশাসনে রাজনৈতিক প্রভাবের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজস্ব দায়িত্ব ও বিধিবিধান অনুযায়ী কাজ করছে। ছাত্রসংগঠনগুলোও বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। কোনো সংগঠনের কর্মকাণ্ডে প্রশাসন বাধা দিচ্ছে না।

গণরুম ও গেস্টরুমে নির্যাতনের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এ ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ এখন পর্যন্ত প্রশাসনের কাছে আসেনি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হলের খাবারের মান উন্নয়ন ও শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে পুষ্টিবিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে হলগুলোতে ভর্তুকি দেওয়ার বিষয়েও সরকারের সহযোগিতা চাওয়া হচ্ছে বলে জানান তিনি।
সেশনজট প্রসঙ্গে তিনি বলেন, করোনাকালে তৈরি হওয়া সেশনজট অনেকটাই কাটিয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষার সময়সূচি এগিয়ে আনার ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে, যাতে শিক্ষার্থীদের নতুন করে সেশনজটে পড়তে না হয়।






