আমার হুমায়ূন: এক জাদুকরের গল্প

কোনো নাটকের কাল্পনিক চরিত্রের ফাঁসি আটকাতে রাস্তায় নেমে সাধারণ মানুষের মিছিল! এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে কি আর দ্বিতীয়টি আছে? নব্বইয়ের দশকে ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাইয়ের ফাঁসির সময় ঠিক এমনটাই ঘটেছিল বাংলাদেশে।
আর এই অসাধ্য সাধন করেছিলেন একজনই, তিনি হুমায়ূন আহমেদ। ১৩ নভেম্বর এই কিংবদন্তি লেখকের জন্মদিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপনার মতো সম্মানজনক ও স্থায়ী পেশা ছেড়ে যিনি একসময় পুরোপুরি ডুব দিয়েছিলেন গল্প আর নির্মাণের নেশায়। তিনি শুধু একজন লেখকই ছিলেন না, তিনি ছিলেন বাঙালি মধ্যবিত্তের আবেগ আর অনুভূতির এক অঘোষিত জাদুকর।
পকেটে ফুটো থাকা উদাসীন হলুদ পাঞ্জাবি পরা ‘হিমু’ কিংবা যুক্তির বেড়াজালে রহস্য ভেদ করা ‘মিসির আলি’- তার সৃষ্টি করা চরিত্রগুলো আজও আমাদের মাঝে অদ্ভুতভাবে জীবন্ত। যখন মানুষের বই পড়ার অভ্যাস প্রায় কমতে শুরু করেছিল, তখন তিনি একাই লাখ লাখ তরুণকে বইয়ের পাতায় ফিরিয়ে এনেছিলেন।
জ্যোৎস্না রাত, বৃষ্টি বিলাস আর কদম ফুলকে তিনি মধ্যবিত্তের জীবনে যেভাবে রোমান্টিক করে তুলেছেন, তা আগে কেউ কখনো পারেনি।
মানুষ হুমায়ূন আহমেদ হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সৃষ্টি করা সেই জাদুকরী জগৎ আজও প্রতিটি বাঙালির হৃদয়ে ঠিক আগের মতোই বেঁচে আছে।
লেখক: মারুফ রিমন





