রাশিয়ার রাজধানী মস্কোতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ২০২২ সালে চলমান যুদ্ধ শুরুর পর এটাই রুশ রাজধানীর ওপর ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা।
সোমবার (১১ নভেম্বর) ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, রোববার মস্কোতে কমপক্ষে ৩৪টি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে তারা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রোববার রুশ আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির পশ্চিমাঞ্চলের অন্য প্রদেশে তিন ঘণ্টায় ৩৬টি ড্রোন ধ্বংস করেছে।
রাশিয়ার কেন্দ্রীয় পরিবহন অ্যাজেন্সি বলছে, দোমোদেদোভ, শেরেমেৎইয়েভ ও ঝুকোভক্সি বিমানবন্দর থেকে কমপক্ষে ৩৬টি ফ্লাইটের গতিপথ বদলানো হয়েছে। এরপর আবারো বিমানবন্দরগুলোতে কার্যক্রম স্বাভাবিক হয়েছে। মস্কোতে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, রাশিয়াও রাতভর হামলায় ১৪৫টি ড্রোন ব্যবহার করেছে। তাদের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা ৬২টি ড্রোন ধ্বংস করেছে। তারা রাশিয়ার ব্রিয়ানস্ক প্রদেশের একটি অস্ত্রাগারে হামলা চালিয়েছে।
রুশ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, সমগ্র আকাশজুড়ে ড্রোনের ঝাঁক। তবে এসব ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।
কয়েকজন কর্মকর্তা বলছেন, ধারণা করা যাচ্ছে, ইউক্রেনের আড়াই বছরের যুদ্ধের শেষ পর্যায় এসে উপস্থিত হয়েছে। কারণ মস্কোর বাহিনী যুদ্ধের শুরুর সময়ের তুলনায় এখন অনেক বেশি দ্রুত গতিতে আগাচ্ছে এবং একইসাথে, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
জানা গেছে, জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন ট্রাম্প। তিনি তার প্রচারণার সময় বলেছিলেন (ক্ষমতায় এলে) ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে শান্তি আনবেন। তবে কিভাবে এই লক্ষ্য পূরণ করবেন, সে বিষয়ে তেমন কিছুই বলেননি তিনি।










