ক্রিকেট

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ

আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হলেন জয় শাহ। দ্বিতীয় মেয়াদে ৩৮ বর্ষী শাহকে একই পদে পুনরায় নিয়োগ দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তার প্রথম তিন বছর মেয়াদী দায়িত্বকাল ২০২৭ সালে শেষ হওয়ার কথা ছিল। কাজের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে বোর্ড তাকে আরও এক মেয়াদে দায়িত্ব দিয়েছে। ২০৩০ সালের শেষপর্যন্ত দায়িত্ব থাকবেন।

বিসিসিআই’র সাবেক এ সচিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার আইসিসি জানায়, বালিতে অনুষ্ঠিত সংস্থার বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের ভিত্তিতে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

২০২৪ সালের আগস্টে জয় শাহকে আইসিসির চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছিল। সেবছরের ডিসেম্বরে তিনি আনুষ্ঠানিক দায়িত্ব নেন। গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হন। বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসারের বিষয়টি মাথায় রেখে এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখার উদ্দেশ্যে বোর্ড তার নেতৃত্বের উপর আস্থা রাখল।

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তন হতে চলেছে। আইসিসি সম্প্রতি প্রতিযোগিতামূলক ক্রিকেটের জন্য একটি দীর্ঘমেয়াদী ও বিস্তৃত কর্মসূচি ঘোষণা করেছে। লক্ষ্য, অংশগ্রহণ বৃদ্ধি করা এবং উন্নয়নের নতুন পথ তৈরি করা। আইসিসি মেয়েদের ক্রিকেট ও সহযোগী সদস্য দেশগুলোর প্রতি সমর্থনের উপর জোর দিয়েছে।

বিবৃতিতে জয় শাহ বলেছেন, ‘আইসিসি বোর্ড আমার উপর যে আস্থা রেখেছে, তাতে অত্যন্ত সম্মানিত বোধ করছি। সকল পরিচালকের অব্যাহত বিশ্বাস ও সমর্থনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একইসঙ্গে একটি বিশেষ সুযোগ ও বড় দায়িত্ব। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

‘আমরা খেলার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ে প্রবেশ করছি। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন আমাদের খেলাটিকে নতুন দর্শকদের কাছে পৌঁছে দেয়ার এবং নতুন প্রজন্মের খেলোয়াড়-ভক্তদের অনুপ্রাণিত করার এক অসাধারণ সুযোগ তৈরি করে দিয়েছে।’

‘সকল স্টেকহোল্ডারদের বিবেচনায় রেখে একটি শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তোলা প্রয়োজন। আমাদের দায়িত্ব কেবল সফল টুর্নামেন্ট আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয়। ভক্ত, ক্রীড়াবিদ, বাণিজ্যিক অংশীদার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের উপর গুরুত্ব দিয়ে আমাদের এই খেলার জন্য একটি শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। সবসময়ই বিশ্বাস করে এসেছি, ক্রিকেট খেলার সবচেয়ে বড় শক্তি হল মানুষকে একত্রিত করার সক্ষমতা। আমাদের লক্ষ্য হবে বোর্ড ও আমাদের সদস্যদের সহায়তায়, উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেয়া এবং এমন অগ্রগতি নিশ্চিত করা, যা আগামী প্রজন্মের জন্য একটি দীর্ঘস্থায়ী উত্তরাধিকার রেখে যাবে।’

রোববার আইসিসি ২০৩৫ সাল পর্যন্ত বিভিন্ন টুর্নামেন্টের তারিখও নিশ্চিত করেছে। ভারত ২০২৯ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে এবং ২০৩১ সালে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ক্রিকেটের বাছাইয়ের আয়োজকও হয়েছে বাংলাদেশ।

বিষয়:আইসিসি আইসিসি চেয়ারম্যান জয় শাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…