পাকিস্তানের মাটিতে তাদের টেস্টে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ে এসেছে বাংলাদেশ। লাল-সবুজদের সামনে এবার ভারত চ্যালেঞ্জ। দুই টেস্টের পাশাপাশি তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে যাবে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজ ঘিরে লড়াইয়ের আগের লড়াই কথাযুদ্ধ শুরু হয়ে গেছে। দীনেশ কার্তিক যেমন বললেন, বাংলাদেশকে সহজেই হারাবে ভারত।
ভারতের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার সিরিজ প্রসঙ্গে বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, ভারতের সঙ্গে সুবিধা করতে পারবে না বাংলাদেশ, তারা ভারতকে কঠিন সময়ে ফেলতে পারবে না। ভারতের মাটিতে তাদের হারানোর কাজটা বেশ কঠিন। আমরা যদিও দেখেছি পাকিস্তানে ভালো খেলেছে বাংলাদেশ। কিন্তু বিশ্বাস করি না যে তারা ভারতকে খুব বেশি সমস্যায় ফেলবে।’
‘আমার মনে হয় ভারত কিছুটা পেসবান্ধব উইকেটে খেলতে পারে। বাংলাদেশকে হারানোর এটা ভালো কৌশল জেনেই তারা এটা করতে পারে। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও আছে। আমার মনে হয় তারা দুই স্পিনারের (রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা) পাশাপাশি তিন ফাস্ট বোলার খেলাতে পারে।’
ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেললেও কোনো জয় নেই বাংলাদেশের। পাকিস্তান সফরের আগে তাদের বিপক্ষেও ১৩ টেস্টে জয়হীন ছিল লাল-সবুজের দল। সেই ইতিহাস বদলে দিতে পেরেছে শান্তবাহিনী।
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ৬ অক্টোবর থেকে টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত।







