ইউনাইটেড নাকি রিয়াল, কোথায় যাচ্ছেন ‘আগামীর মেসি’ নিকো পাজ

আর্জেন্টিনার ফরোয়ার্ড নিকো পাজকে দলে নিতে পরিকল্পনা করছে ম্যানচেস্টার ইউনাইটেড, এমন খবর বেশ আলোচনায়। মূলত ব্রুনো ফের্নান্দেসের বদলি হিসেবে কোমো থেকে ওল্ড ট্রাফোর্ডে যেতে পারেন তিনি। তবে পাজের দিকে নজর রয়েছে রিয়াল মাদ্রিদেরও।
ইংলিশ গণমাধ্যমে প্রতিবেদন, নিকো পাজ রিয়াল মাদ্রিদে ফিরে না গিয়ে ইংলিশ জায়ান্ট ইউনাইটেডে যোগ দিতে আগ্রহী। ২২ বর্ষী আর্জেন্টাইন চলতি মৌসুমে ইতালির কোমোর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। আর্জেন্টিনা দলেও লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে তাকে। পাজ ২০২৪ সালের আগস্টে স্প্যানিশ জায়ান্ট মাদ্রিদ থেকে কোমোতে যোগ দেন।
তবে স্প্যানিশ ক্লাবটি ছেড়ে যাওয়ার সময় চুক্তিতে একটি শর্ত রয়েছে, আসন্ন গ্রীষ্মে তারা নিকো পাজকে ৮০ মিলিয়ন ইউরোতে পুনরায় চুক্তিবদ্ধ করতে পারবে। গত গ্রীষ্মে মাদ্রিদে ফিরে যাওয়ার সুযোগ পেয়েও পাজ প্রত্যাখ্যান করেছিলেন। নিকো মনে করেন, রিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে পারবেন না, সেজন্য অন্য কোথাও যেতে আগ্রহী। বিকল্পগুলোর মধ্যে একটি ইউনাইটে। মূলত ব্রুনোর বদলি হতে পারেন আর্জেন্টাইন তরুণ, যাকে ‘আগামীর মেসি’ মনে করা হচ্ছে আর্জেন্টিনায়, পেতে পারেন মেসির ১০ নম্বর জার্সিও।
৩২ বর্ষী পর্তুগিজ ব্রুনোর চুক্তির মেয়াদ আসন্ন গ্রীষ্মে শেষ হতে চলেছে। ইউনাইটেডের চুক্তির মেয়াদ আরও ১ বছর বাড়ানোর সুযোগ রয়েছে। ফের্নান্দেস সম্প্রতি জানিয়েছেন চুক্তি নবায়নের আলোচনা আপাতত স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে প্রিমিয়ার লিগ টেবিলে ১৯তম স্থানে আছে রেড ডেভিলরা।





