চলতি বিশ্বকাপে গ্রুপপর্বে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে জয় তুলে সাউথ আফ্রিকার কাছে তীরে এসে তরী ডুবেছে বাংলাদেশের। বিশ্বকাপের আগে থেকেই ব্যাটিং ব্যর্থতায় ভুগতে থাকা দলটি সেরা আটের প্রথম ম্যাচে লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ম্যাচ নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন লাল-সবুজদের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। ব্যাটিং কিংবা বোলিংয়ে দাপুটে শুরু চান লঙ্কান কোচ।
অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৬টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ৫৫ বর্ষী হাথুরু বলেছেন, ‘পরিকল্পনা অন্যসব দলের মতোই, ব্যাটিং কিংবা বোলিংয়ে আমরা শক্তিশালী শুরু পেতে চাই। তবে অনেক জায়গাতে ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠছে পিচ। আর পিচের চরিত্র বোঝাও খুব কঠিন।’
পিচের আচরণ বদলে গেছে বলেও ভাবতে হচ্ছে টাইগার কোচকে। তবুও পিচের আচরণ বুঝে ব্যাটিং-বোলিংয়ে ভালো পারফর্ম দেখতে চান শিষ্যদের। বলেছেন, ‘আমরা ভেবেছিলাম সেন্ট ভিনসেন্টের পিচ ভালো হবে। কিন্তু সেটাই খুব কঠিন হয়ে উঠল। বোলিংবান্ধব হয়ে উঠল, সেটি শুধু পেস কিংবা স্পিন নয়, দুটোতেই। তাই আমাদের পরিকল্পনা হল, ব্যাটিং বা বোলিং যেটাই হোক, শুরুটা ভালো করা।’
একই ভেন্যুতে বাংলাদেশের পরের ম্যাচ ভারতের সঙ্গে। সুপার এইটের শেষ ম্যাচটি খেলতে বাংলাদেশ ফিরবে সেন্ট ভিনসেন্টে, যে ভেন্যুতে টাইগাররা খেলেছে গ্রুপপর্বের শেষ দুম্যাচ। সেখানে আফগানিস্তানের সঙ্গে রিয়াদ-মোস্তাফিজরা খেলবেন সেরা আটের শেষ ম্যাচে।








