অপরাধ

মুক্তিযোদ্ধার সন্তান কোটায় আবেদন না করেও চাকরি, তিন উপসচিবকে ওএসডি

মুক্তিযোদ্ধার সন্তান কোটায় আবেদন না করেও চাকরি, তিন উপসচিবকে ওএসডি

ছবি: সংগৃহীত।

মুক্তিযোদ্ধার সন্তান কোটায় আবেদন না করেও প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২৯তম বিসিএসে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে তিন উপসচিবের বিরূদ্ধে। পরে ওই তিনজনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (২৯ অক্টোবর) রাতে পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের ওএসডি করার সিদ্ধান্ত জানানো হয়।

ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসার তোফাজ্জল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক রকিবুর রহমান খান ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব নাহিদা বারিক।

তারা তিনজনই ২৯তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছিলেন। সরকারি নথিতে তাদের মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগের তথ্য থাকলেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে দেখা গেছে, বিসিএস পরীক্ষার সময় তাদের কেউই মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করেনি। এ ঘটনায় প্রত্যেকের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১১ সালের ১০ জুলাই ২৯তম বিসিএসের নিয়োগের প্রথম গেজেট প্রকাশ করা হয়। ওই গেজেটে প্রশাসন ক্যাডারে ১৮৪ জনের নাম ছিল। তখন মুক্তিযোদ্ধা কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়ায় ১৪টি পদ শূন্য রাখা হয়। প্রথম গেজেট প্রকাশের প্রায় ১৩ মাস পর এই তিন কর্মকর্তাসহ আরও কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়।

গত ৪ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে ছয় কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। চিঠিতে বলা হয়, মুক্তিযোদ্ধার সন্তান কোটায় আবেদন না করেও প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২৯তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ নেওয়ার অভিযোগে ওই ছয় কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করেছে দুদক।

চিঠি পাঠানোর প্রায় ছয় মাস পর ছয় কর্মকর্তার মধ্যে তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নিল জনপ্রশাসন মন্ত্রণালয়। বাকি তিনজন পুলিশ, স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তবে অভিযোগ প্রমাণিত হওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দোষী হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

বিষয়:ওএসডি কোটা জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতারণা ও জালিয়াতি বিসিএস মন্ত্রিপরিষদ বিভাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…