অর্থনীতি

জাপানি ভাষা ও দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-জাপান

জাপানি ভাষা ও দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-জাপান

ছবি: সংগৃহীত।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের তরুণদের জাপানি ভাষা ও পেশাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে চারটি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। এ লক্ষ্যে জাপানের ওনোদেরা ইউজার রান কোম্পানি লিমিটেড, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম), ইনস্টিটিউট অব ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স (আইআইএসএফ) ও রহিমআফরোজের মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় বাংলাদেশে একটি জাপানি ভাষা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।

এই উদ্যোগের মূল লক্ষ্য সুবিধাবঞ্চিত পরিবারের তরুণদের জাপানি ভাষা শেখানো, পেশাগত প্রশিক্ষণ দেওয়া এবং জাপানের কর্মক্ষেত্রের সংস্কৃতি সম্পর্কে ধারণা দেওয়া। এর মাধ্যমে তাদের জন্য বাংলাদেশ ও জাপানে নির্ভরযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং টেকসই জীবিকা অর্জনে সহায়তা করা হবে।

সমঝোতা অনুযায়ী, ওনোদেরা ইউজার রান জাপানি ভাষা শিক্ষা, কর্মসংস্থান উপযোগী প্রশিক্ষণ ও জাপানের কর্মক্ষেত্রের নিয়মকানুন সম্পর্কে ধারণা দেওয়ার দায়িত্ব পালন করবে। সিজেডএম সুবিধাবঞ্চিত তরুণদের প্রশিক্ষণের আওতায় আনা এবং প্রয়োজন অনুযায়ী বৃত্তির সুযোগ তৈরিতে সহায়তা করবে। আইআইএসএফ প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা দেবে। আর রহিমআফরোজ তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কৌশলগত সহযোগিতা করবে।

সমঝোতা স্মারকে সই করেন ‘ওনোদেরা ইউজার রানে’র প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জুন কাতো, সিজেডএমের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আয়ুব মিয়া, আইআইএসএফে’র ভাইস চেয়ারম্যান আরাস্তু খান ও রহিমআফরোজ‘র গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম।

অনুষ্ঠানে ঢাকায় জাপান দূতাবাসের মিনিস্টার আয়া ইয়োশিদা উপস্থিত ছিলেন।

জুন কাতো বলেন, বাংলাদেশের তরুণদের অধ্যবসায়, নিষ্ঠা ও সম্ভাবনার প্রতি তাদের আস্থা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে তরুণদের জাপানি ভাষা ও পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি জাপানের কর্মক্ষেত্রের সংস্কৃতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা কর্মজীবনে সফল হতে পারেন।

নিয়াজ রহিম বলেন, বাংলাদেশের তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করতে চান তারা। এ ক্ষেত্রে ভাষা শিক্ষা, প্রয়োজনীয় দক্ষতা ও দায়িত্বশীল কর্মচর্চার ওপর গুরুত্ব দেওয়া হবে।

মোহাম্মদ আয়ুব মিয়া বলেন, মানসম্মত প্রশিক্ষণ ও নির্ভরযোগ্য কর্মসংস্থানের সুযোগ তরুণদের এবং তাদের পরিবারের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সুবিধাবঞ্চিত তরুণদের কর্মসংস্থানের বাধা দূর করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করাই এ উদ্যোগের লক্ষ্য।

আয়া ইয়োশিদা বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশের দক্ষ কর্মীদের স্বাগত জানাতে আগ্রহী জাপান। দেশটিতে কাজ করতে আগ্রহীদের জাপানি ভাষা, পেশাগত দক্ষতা এবং জাপানের সংস্কৃতি ও কর্মক্ষেত্রের নিয়মকানুন সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।

উদ্যোক্তাদের আশা, এই কেন্দ্র তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মধ্যে সংযোগ তৈরি করবে। এর মাধ্যমে তারা দেশে ও বিদেশে কাজের সুযোগ পেয়ে আরও নিরাপদ ও স্বাবলম্বী জীবন গড়তে পারবেন।

বিষয়:আইআইএসএফ ওনোদেরা ইউজার রান কোম্পানি লিমিটেড কর্মসংস্থানের সুযোগ জাপান জুন কাতো বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…