ক্রিকেট

বাংলাদেশ সিরিজের সেরা মেগানকে কেন নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া

বাংলাদেশ সিরিজের সেরা মেগানকে কেন নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজসেরা হয়েছিলেন মেগান শুট। ফর্মে থাকা অজি পেসারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। সিরিজের বাইরের সময়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহারের নিয়ম না মানায় শাস্তি দেয়া হয়েছে থাকে। মূলত এই ঔষধ পারফরম্যান্স বাড়ানোর কাজে ব্যবহৃত হয় না।

বৃহস্পতিবার বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছে। ৩৩ বর্ষী মেগান নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টুয়েন্টি ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে মেয়েদের বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না। বাংলাদেশ সিরিজের আগে ঘটে যাওয়া ঘটনায় দায় স্বীকার করে শাস্তিও মেনে নিয়েছেন তারকা পেসার।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই নিয়মভঙ্গটি ঘটেছে স্পোর্টস সায়েন্স অ্যান্ড স্পোর্টস মেডিসিনের চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী শর্তাবলি মেনে চলতে ব্যর্থ হওয়ার কারণে। ঘটনাটি প্রতিযোগিতার বাইরের সময়ে ঘটেছে এবং এরসঙ্গে পারফরম্যান্স বাড়ানোর কোন সম্পর্ক ছিল না। দুই ম্যাচের নিষেধাজ্ঞার আওতায় সবধরনের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট অন্তর্ভুক্ত থাকবে। আমরা মেগানকে প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখব এবং খেলার প্রতিনিধিত্বকারী সবার থেকে যে মান ও দায়িত্ব প্রত্যাশা করা হয়, তা পুনরায় নিশ্চিত করব।’

মেগান শাস্তি মেনে নেয়ার কথা বিবৃতিতে জানিয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেয়া ওষুধ ব্যক্তিগত প্রয়োজনে সিরিজের বাইরের সময়ে ব্যবহারে কঠোর নিয়ম রয়েছে। অ্যান্টি-ডোপিং কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী এটা বৈধ। তবে, এই ধরনের ওষুধ ব্যক্তিগত ব্যবহারের জন্য হলে এ বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে।

নিয়ম না মানার বিষয়টি নিয়ে তদন্ত চলাকালীন মেগান চারটি ম্যাচে অংশ নিয়েছেন। যার মধ্যে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডেতে যথাক্রমে ১৯ রানে ২ উইকেট, ৩৬ রানে ৪ উইকেট এবং ১৬ রানে ৪ উইকেট শিকার করে সিরিজসেরা হন।

বিষয়:অস্ট্রেলিয়া বাংলাদেশ মেগান শুট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…