ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের মিছিল; আটক-১

কার্যক্রমে নিষিদ্ধ যুবলীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল করেছে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে শহরের কাউতলী এলাকায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ের অদূরে মিছিলটি করা হয়।
মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক প্রার্থী মিকাইল হোসেন হিমেলের নেতৃত্বে একটি মিছিল শহরের কাউতলী এলাকা থেকে বের হয়। এতে অংশ নেওয়া নেতাকর্মীরা হাতে হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ পরশ,সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দেয়।
এসময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে/বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়া হয়।
মিছিল থেকে মোকতাদির চৌধুরীসহ বিভিন্ন নেতাদের মুক্তি দাবি করা হয়। মিছিল চলাকালে একটি পুলিশের গাড়ি সেখানে উপস্থিত হয়। পুলিশ জানায়, মিছিল থেকে একজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, সকালে মিছিল হওয়ার খবর পেয়ে ২ নং ফাঁড়ি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় মিছিল থেকে নবীনগর উপজেলা যুবলীগের সদস্য মো. রাজীব মিয়া নামে একজনকে আটক করা হয়। মিছিলের ঘটনায় ও আটককৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, একের পর এক প্রকাশ্যে মিছিল হওয়ার কারণে নানা মহলে আলোচনা দেখা দিয়েছে।






