নয় নম্বর বিপদ সংকেত, কাদের জন্য হুমায়ূনের এই সতর্কবার্তা?

হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা যেমন সৌভাগ্যের, তার নির্মাণশৈলী নিয়ে কথা বলা তেমনই সাহসের। চার দশকের পথচলায় হিমু ও মিসির আলীর মতো চরিত্র, টেলিভিশন নাটক আর চলচ্চিত্রের মাধ্যমে তিনি তুলে ধরেছেন সাধারণ মানুষের সুখ-দুঃখ, মধ্যবিত্তের টানাপোড়েন ও পারিবারিক বন্ধন। তার কলমে হাসি আর বেদনা হাত ধরে হাঁটে। কঠিন কথাও তিনি বলেন কোমল ভঙ্গিতে, যেন পাঠক ও দর্শক নিজের জীবনের ছায়া খুঁজে পান।
তার বেশির ভাগ নাটক ও সিনেমা নন্দিত হয়েছে। কিশোর থেকে বয়োজ্যেষ্ঠ, সব বয়সী দর্শকের মন জয় করেছেন তিনি। নব্বইয়ের দশক থেকে শূন্য দশকেও তার কাজের প্রতি ভালোবাসায় ভাটা পড়েনি। এই প্রজন্মান্তরের জনপ্রিয়তার রহস্য লুকিয়ে আছে তার গল্পের মৌলিকতা, সরলতা আর জীবনঘনিষ্ঠতায়। মানুষের নিত্যদিনের জীবনের গল্পই তিনি বলেছেন নাটকে ও সিনেমায়।
সহজ ভাষার এই জাদুকর বাংলা সংস্কৃতিকে দিয়েছেন অসংখ্য গল্প, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও, যা তার নির্মাণশৈলীরই স্বীকৃতি।
ক্যারিয়ারে মাত্র আটটি সিনেমা নির্মাণ করেছেন হুমায়ূন আহমেদ। কাহিনি, চিত্রনাট্য ও গান নিজেই লিখেছেন, প্রযোজনাও করেছেন বেশির ভাগ ছবির। তার সেই ছবিগুলোর মধ্যে ব্যতিক্রম ‘নয় নম্বর বিপদ সংকেত’। মেলোড্রামার বদলে সূক্ষ্ম হাস্যরসে এখানে উঠে এসেছে পারিবারিক বিচ্ছিন্নতার গল্প।
শুক্রবার (১৩ নভেম্বর) এই কথাসাহিত্যিক ও নির্মাতার জন্মদিন। তার স্মরণে ফিরে দেখা যাক নয় নম্বর বিপদ সংকেত ছবিটি।
অঢেল সম্পত্তির মালিক সোবহান সাহেব প্রাসাদ আর চিড়িয়াখানা নিয়েও নিঃসঙ্গ। ঘরে প্রাণ আনতে গ্রাম থেকে শিশুদের ভাড়া করে আনলে হট্টগোলে তাঁর শান্ত জীবন অশান্ত হয়ে ওঠে। রাগে সবাইকে তাড়িয়ে দিলে রটে যায়, তিনি মারা গেছেন। ছুটে আসে সন্তানরা, শুরু হয় লোক-দেখানো শোক। এরপর পাত্রী খোঁজা, আর কাজের মেয়ের নিজেকে বাড়ির মালিক ভাবা, সব মিলিয়ে জমে ওঠে কৌতুক নির্ভর সিনেমাটি।
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘নয় নম্বর বিপদ সংকেত’ বাইরে থেকে কমেডি-ড্রামা হলেও হাসির আড়ালে তোলে এক বিষণ্ন প্রশ্ন: সম্পদ থাকলেই কি মানুষ সুখী হয়, নাকি সম্পদই কখনো মানুষকে একা করে দেয়? নামটিও যেন ইঙ্গিত দেয়, বাইরের ঝড়ের চেয়ে বড় ঝড় বইছে একটি পরিবারের ভেতরে।
ছবির সবচেয়ে চমকপ্রদ দিক এর গল্প বলার ধরন। সন্তানদের অবহেলা আর বাবার নিঃসঙ্গতা এখানে করুণ সুরে নয়, ধরা দিয়েছে হাস্যরসে। সন্তানদের কাছে পেতে সোবহান সাহেবের (রহমত আলী) ‘মৃত্যুর অভিনয়’ শুরু থেকে শেষ পর্যন্ত হাসির খোরাক জোগায়। গ্রাম থেকে বাচ্চা ভাড়া করা, জামাইদের গাছের ডালে রাত কাটানো কিংবা কাজের মেয়ের নিজেকে বাড়ির মালিক ভাবার মতো অদ্ভুত কাণ্ডে দাঁড়িয়ে আছে পুরো গল্প। শেষে সোবহান সাহেব দর্শকের উদ্দেশে বলেন, ছবি ভালো লাগলে ভালো, না লাগলেও সমস্যা নেই। বাংলা সিনেমায় এমন রসিকতা বিরল।
নুহাশ পল্লীতে ধারণ করা ছবিতে অভিনয় করেছেন রহমত আলী, চ্যালেঞ্জার, স্বাধীন খসরু, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানিয়া আহমেদ, দিতি ,ফারুক আহমেদ আরও অনেকে। সংগীত পরিচালনায় এস আই টুটুল; হুমায়ূনের গান ও রবীন্দ্রসংগীত ছবির চেনা মেজাজ ফুটিয়েছে।






