ধর্ম ও জীবন

হতাশার অন্ধকারেও আশার আলো দেখায় সূরা আদ-দুহা

হতাশার অন্ধকারেও আশার আলো দেখায় সূরা আদ-দুহা

ছবি: সংগৃহীত

জীবনের সব সময় এক রকম যায় না। কখনো সাফল্য আসে, কখনো দীর্ঘ অপেক্ষা, কখনো চারপাশে মানুষের ভিড় থাকে, আবার কখনো নিজেকে ভীষণ একা মনে হয়। কোনো কোনো সময় প্রার্থনার পরও প্রত্যাশিত ফল না পেয়ে মনে প্রশ্ন জাগে, কেন এমন হচ্ছে? সবকিছু কি ঠিক হয়ে যাবে? এমন মানসিক অস্থিরতা ও হতাশার সময়ে পবিত্র কোরআনের সূরা আদ-দুহা মানুষকে আশার কথা মনে করিয়ে দেয়। এই সূরায় রয়েছে আল্লাহর রহমত, ভালোবাসা, অতীতের নিয়ামত স্মরণ এবং ভবিষ্যতের প্রতি আস্থার শিক্ষা।

পবিত্র কোরআনের ৯৩ নম্বর সূরা আদ-দুহা। মক্কায় অবতীর্ণ এই সুরায় আয়াত রয়েছে ১১টি। ‘দুহা’ শব্দের অর্থ দিনের পূর্বাহ্ন বা সকালের উজ্জ্বল আলো। সুরাটির শুরু হয়েছে পূর্বাহ্নের আলো এবং রাতের নিস্তব্ধতার শপথ দিয়ে। এরপর এমন একটি বার্তা এসেছে, যা মানুষের মনকে গভীরভাবে স্পর্শ করে।

আল্লাহ বলেন, ‘আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি।’ (সূরা আদ-দুহা, আয়াত ৩)

ইসলামি তাফসির অনুযায়ী, একসময় রাসুলুল্লাহ (সা.)-এর কাছে ওহি আসা সাময়িকভাবে বন্ধ ছিল। এ নিয়ে মক্কার অবিশ্বাসীরা বিদ্রূপ করেছিল। সেই পরিস্থিতিতে এই সুরার মাধ্যমে আল্লাহ তার রাসুলকে সান্ত্বনা দেন। তাকে আশ্বস্ত করেন, আল্লাহ তাকে পরিত্যাগ করেননি। এই আয়াতের প্রেক্ষাপট আমাদের মনে করিয়ে দেয়, সাময়িক নীরবতা বা প্রতিকূলতা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার প্রমাণ নয়।

অতীতের নিয়ামত মনে করিয়ে দেন আল্লাহ

সূরা আদ-দুহার পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ রাসুলুল্লাহ (সা.)-এর জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি? অতঃপর আশ্রয় দিয়েছেন। আর আপনাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়, অতঃপর পথনির্দেশ দিয়েছেন। আর আপনাকে পেয়েছেন অভাবগ্রস্ত, অতঃপর অভাবমুক্ত করেছেন।’ (সুরা আদ-দুহা, আয়াত ৬–৮)

এই আয়াতগুলোতে আল্লাহর অনুগ্রহ ও সাহায্যের কথা তুলে ধরা হয়েছে। মানুষের জীবনেও এমন অনেক মুহূর্ত থাকে, যখন পেছনে ফিরে তাকালে বোঝা যায়, কঠিন সময়েও কতভাবে সাহায্য এসেছে। কখনো কোনো মানুষের মাধ্যমে, কখনো অপ্রত্যাশিত সুযোগের মাধ্যমে, আবার কখনো এমন কোনো পথ খুলে গেছে, যা আগে কল্পনাও করা যায়নি। অতীতের নিয়ামত স্মরণ করা মানুষকে কৃতজ্ঞ হতে শেখায় এবং কঠিন সময়ে আশাবাদী থাকতে সাহায্য করে।

শুধু নিজের জন্য নয়, অন্যের প্রতিও হতে হবে সদয়

সূরা আদ-দুহার শেষাংশে মানুষের প্রতি আচরণের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। আল্লাহ বলেন, ‘সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না। আর সাহায্যপ্রার্থীকে ধমক দেবেন না। আর আপনার প্রতিপালকের নিয়ামতের কথা প্রকাশ করুন।’ (সূরা আদ-দুহা, আয়াত ৯–১১)

এখানে এতিম ও অসহায় মানুষের প্রতি সদয় হওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। অর্থাৎ জীবনে আল্লাহর অনুগ্রহ পেলে শুধু নিজের ভালো থাকা নিয়ে ব্যস্ত থাকলেই হবে না, বরং অসহায় মানুষের প্রতিও দায়িত্বশীল হতে হবে। কারও প্রয়োজনকে অবহেলা করা কিংবা সাহায্য চাইতে আসা মানুষকে অপমান করা ইসলামের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

কঠিন সময়েও হারানো যাবে না আশা

সূরা আদ-দুহা শুধু রাসুলুল্লাহ (সা.)-কে দেওয়া সান্ত্বনার বাণী নয়, বরং এর আয়াতগুলোতে রয়েছে কৃতজ্ঞতা, মানবিকতা ও আল্লাহর ওপর ভরসা রাখার শিক্ষা। জীবনের কোনো একটি অধ্যায় কঠিন হলেই সবকিছু শেষ হয়ে যায় না। অতীতের নিয়ামত স্মরণ করা, বর্তমানের দায়িত্ব পালন করা এবং ভবিষ্যতের জন্য আল্লাহর রহমতের আশা রাখা একজন মুমিনের বৈশিষ্ট্য।

তবে এই সুরার শিক্ষা এমন নয় যে, দোয়া করলেই প্রত্যেক সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। বরং প্রতিকূলতার মধ্যেও আল্লাহর প্রতি আস্থা রাখা, ধৈর্য ধারণ করা এবং সঠিক পথে চেষ্টা চালিয়ে যাওয়াই এর অন্যতম শিক্ষা।

দিনের উজ্জ্বল আলো যেমন রাতের অন্ধকারের পর আসে, তেমনি জীবনের কঠিন সময়েও মানুষকে আল্লাহর রহমতের আশা নিয়ে এগিয়ে যেতে হবে। সূরা আদ-দুহা সেই আশার কথাই বারবার মনে করিয়ে দেয়।

বিষয়:আদ-দুহা সূরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…