দেশের অধস্তন আদালত হতে পাঠানো মামলার মূল নথির সাথে সাক্ষীর সাক্ষ্য (জবানবন্দি ও জেরা) ও অস্পষ্ট হাতের লেখা সম্বলিত কাগজাদির টাইপ কপি সত্যায়িত করে পাঠানোর নির্দেশ কঠোরভাবে প্রতিপালন করতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ২০০৩ সালের ২০ জুলাই তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী অধস্তন আদালত হতে প্রেরিত মূল নথির (এলসিআর) সাথে সাক্ষীর সাক্ষ্য (জবানবন্দি ও জেরা) ও অস্পষ্ট হাতের লেখা সম্বলিত সংশ্লিষ্ট কাগজাদির টাইপ কপি সত্যায়িত করে প্রেরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল। এরপর ২০২০ সালের ১ ডিসেম্বর এবিষয়ে পুনরায় নির্দেশ প্রদান করা হয়। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, পূর্বে প্রদত্ত এসংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না। ফলে, অধস্তন আদালত হতে হাইকোর্ট বিভাগে প্রেরিত মূল নথির (এলসিআর) সাক্ষীর সাক্ষ্য (জবানবন্দি ও জেরা) ও অস্পষ্ট হাতের লেখা সম্বলিত সংশ্লিষ্ট কাগজাদি অনেক সময় পাঠোদ্ধার করা সম্ভব না হওয়ায় সঠিকভাবে পেপারবুক তৈরিতে বিলম্বসহ আদালতে মামলা শুনানিকালে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় অধস্তন আদালত হতে প্রেরিত মূল নথির (এলসিআর) সাথে সাক্ষীর সাক্ষ্য (জবানবন্দি ও জেরা) ও অস্পষ্ট হাতের লেখা সম্বলিত সংশ্লিষ্ট কাগজাদির টাইপ কপি সত্যায়িত করে প্রেরণের নির্দেশনা কঠোরভাবে প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সকলকে পুনরায় নির্দেশ প্রদান করা হলো।






