আদালত

বিদেশি গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট

বেসরকারি প্রতিষ্ঠানের আবেদনে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার সুযোগ নেই

বিদেশি গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট

ছবি: সংগৃহীত

বিদেশি আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করার সুযোগ নেই বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। কাউকে গ্রেপ্তার করে অন্য রাষ্ট্রের কাছে হস্তান্তর বা প্রত্যর্পণ করতে হলে বাংলাদেশের প্রচলিত আইন ও নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদেশি সরকারের আনুষ্ঠানিক অনুরোধও প্রয়োজন।

দুবাইয়ের একটি আদালতে অর্থ আত্মসাতের মামলায় দণ্ডিত বাংলাদেশি নাগরিক মোহাম্মদ আল ফয়জুল আলমকে গ্রেপ্তার করে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) হস্তান্তরের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন কোনো রুল জারি না করেই নিষ্পত্তি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৯ নভেম্বর এ আদেশ দেন। সম্প্রতি প্রকাশিত পূর্ণাঙ্গ আদেশে আদালতের এসব পর্যবেক্ষণ উঠে এসেছে।

সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী প্রতিষ্ঠিত কোম্পানি গেরাব এলএলসি সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে রিটটি করে। প্রতিষ্ঠানটির দাবি, মোহাম্মদ আল ফয়জুল আলম সংযুক্ত আরব আমিরাতে কর্মরত থাকার সময় অর্থ আত্মসাৎ করেন। এ ঘটনায় দুবাইয়ের ২৮৫১১/২০২১ নম্বর ফৌজদারি মামলায় তাঁর বিচার হয়। আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড এবং ২৭ লাখ ৭৩ হাজার ৯৬৪ দিরহাম জরিমানা করেন।

দণ্ডিত ব্যক্তি আদালতে হাজির না হওয়ায় ২০২২ সালের ৩ অক্টোবর তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে ২০২৫ সালের ৪ আগস্ট এ-সংক্রান্ত একটি সনদও দেওয়া হয়।

রিট আবেদনে বলা হয়, একজন ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে বাংলাদেশে ওই ব্যক্তির গ্রেপ্তারের খবর সংবাদমাধ্যমে জানতে পারে আবেদনকারী প্রতিষ্ঠান। এরপর ২০২৫ সালের ৯ ও ২৪ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে তাঁকে গ্রেপ্তার করে সংযুক্ত আরব আমিরাতে হস্তান্তর বা প্রত্যর্পণের ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়। কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয় প্রতিষ্ঠানটি।

আদালতে আবেদনকারীর আইনজীবী মো. সানোয়ার হোসেন যুক্তি দেন, দুবাইয়ের আদালতে দণ্ডিত ব্যক্তির বিরুদ্ধে বৈধ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তিনি বাংলাদেশে অবস্থান করছেন। তাই তাঁকে গ্রেপ্তার করে সংযুক্ত আরব আমিরাতে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিটের বিরোধিতা করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আব্দুল ও আল ফয়সাল সিদ্দিক আদালতকে জানান, বিদেশি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর বা প্রত্যর্পণের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে নির্ধারিত সরকারি বা কূটনৈতিক মাধ্যমে কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসেনি। তা ছাড়া কোনো বেসরকারি প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে সরাসরি বিদেশি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের আইনি কাঠামো নেই।

উভয় পক্ষের বক্তব্য শুনে হাইকোর্ট বলেন, বিদেশি আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা শুধু জারির কারণেই বাংলাদেশের ভূখণ্ডে কার্যকর হয়ে যায় না। কাউকে গ্রেপ্তার, অন্য রাষ্ট্রের কাছে হস্তান্তর কিংবা প্রত্যর্পণের ক্ষেত্রে সুস্পষ্ট আইনি কর্তৃত্ব থাকতে হবে। এ জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ আইন ও নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক।

আদালত আরও বলেন, আবেদনকারী প্রতিষ্ঠান এমন কোনো আইনি বিধান দেখাতে পারেনি, যার ভিত্তিতে তাদের ব্যক্তিগত আবেদনে সরকারি কর্তৃপক্ষ বিদেশি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য। ফলে কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগকে আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতা হিসেবে বিবেচনার সুযোগ নেই।

পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে রিট এখতিয়ার প্রয়োগ করে সরকারি কর্তৃপক্ষকে কোনো দায়িত্ব পালনের নির্দেশ দিতে হলে সেই দায়িত্বের আইনি ভিত্তি থাকতে হবে। প্রত্যর্পণের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে কিংবা আইনি বাধ্যবাধকতা প্রতিষ্ঠিত না হলে এ ধরনের নির্দেশ দেওয়া যায় না।

এসব বিষয় বিবেচনায় আবেদনকারীর দাবির পক্ষে পর্যাপ্ত আইনি ভিত্তি না পাওয়ায় কোনো রুল জারি না করেই রিট আবেদনটি নিষ্পত্তি করেন হাইকোর্ট।

বিষয়:আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন সংযুক্ত আরব আমিরাত হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…