আদালত

অনুসন্ধানের আগে আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন, হাইকোর্টের রুল

অনুসন্ধানের আগে আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন, হাইকোর্টের রুল

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরুর আগেই ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ বলে দুদকের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের বক্তব্য দেওয়া ও তা গণমাধ্যমে প্রচার কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. ইউসুফ আলী ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

গত সেপ্টেম্বরে এ বিষয়ে হাইকোর্টে রিট করেন আসিফ মাহমুদ। অনুসন্ধান বা তদন্তাধীন বিষয়ে মানহানিকর সংবাদ সম্মেলন করা থেকে দুদককে বিরত রাখার নির্দেশনাও চাওয়া হয় আবেদনে।

রিটে গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যকে বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে বিচারাধীন বা অনুসন্ধানাধীন বিষয়ে সংবাদ সম্মেলন না করার নির্দেশনা এবং ইতোমধ্যে প্রচারিত বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের আবেদন করা হয়েছে।

সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে দায়ের করা রিট পিটিশন নম্বর ১৩৮৮৫/২০২৬-এ দুদক চেয়ারম্যান, কমিশনের উপপরিচালক (জনসংযোগ কর্মকর্তা) এবং সহকারী পরিচালককে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, গত ২ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের উপপরিচালক জানান, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বদলি, নিয়োগ ও পদোন্নতি বাণিজ্যের অভিযোগের ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’। এ কারণে অভিযোগগুলো অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

তবে রিটকারীর দাবি, দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী কোনো অভিযোগের প্রাথমিক সত্যতা অনুসন্ধান শেষে নির্ধারণ করার বিষয়। অনুসন্ধান শুরুর আগেই এ ধরনের বক্তব্য দেওয়ার আইনগত এখতিয়ার দুদকের নেই।

আবেদনে আরও বলা হয়, গত ৯ সেপ্টেম্বর দুদকের সচিব গণমাধ্যমের প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট বক্তব্যকে ‘স্লিপ অব দ্য টাং’ বা মুখ ফসকে বলা কথা হিসেবে উল্লেখ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাও সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেন। কিন্তু বক্তব্যটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে গণমাধ্যমে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি বলে রিটে দাবি করা হয়।

এরপর ১০ সেপ্টেম্বর এ বিষয়ে আইনি নোটিশ পাঠানো হলেও তা আমলে নেওয়া হয়নি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। বরং ১৩ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক আরেকটি সংবাদ সম্মেলন করেন। সেখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ, জেলা প্রশাসক (ডিসি) পদায়ন, ওয়াসা, এলজিইডি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দরপত্র এবং বিদেশে অর্থপাচারসহ একাধিক বিষয়ে অভিযোগ তোলা হয়।

রিট আবেদনে এসব অভিযোগকে ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন আসিফ মাহমুদ। তার বক্তব্য অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অতিরিক্ত দায়িত্ব বাতিলের বিষয়টি প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায়ের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের আদেশে হয়েছে।

বিষয়:আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুদক হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…