বার্সেলোনায় ৬ মৌসুম কাটিয়েছেন লুইস সুয়ারেজ। ২০২০ সালে কাতালান ক্লাবটি ছেড়ে যোগ দেন অ্যাটলেটিকো মাদ্রিদে। এরপর আরও দুটি ক্লাব ঘুরে বর্তমানে খেলছেন ইন্টার মিয়ামিতে। উরুগুয়ে তারকার ইচ্ছে আবারও ফিরে যেতে চান বার্সেলোনায়। ক্লাবটি থেকেই বুটজোড়া তুলে রাখতে চান তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই আশা ব্যক্ত করেছেন তিনি। বলেছেন, ‘বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ও ক্লাবের প্রতি টান কমার নয়। আমাদের সন্তানদেরও, তারা বার্সেলোনার সমর্থক। আমাদের সেখানে বাড়িও আছে এমনকি ক্লাব সংশ্লিষ্ট অনেকের সাথে এখনো যোগাযোগ রয়েছে। পরিবারের সকলের পরিকল্পনায় আছে সেখানে ফেরার।’
সুয়ারেজের কাছে মেজর লিগ সকার প্রত্যাশার চেয়ে অনেক বেশি কঠিন মনে হচ্ছে। লিগের অবস্থা আগের মতো সহজ নয়। মিয়ামিতে যোগ দিয়ে সতীর্থ হিসেবে পেয়েছেন বার্সায় মেসি, জর্ডি আলবা, সার্জিও বুস্কেটসকে।
যদিও চলতি মৌসুমে সেখানে শাস্তি আর বিতর্ক সুয়ারেজের সঙ্গ ছাড়ছেই না। লিগস কাপ ফাইনালে বিতর্কিত ঘটনার জেরে ছয় ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। এরপর প্রতিপক্ষ ডিফেন্ডার অ্যান্ডি নাজারকে লাথি মেরে পেয়েছেন আরো এক ম্যাচের শাস্তি।
৩৮ বর্ষী সুয়ারেজ লা লিগায় মেসি-রোনালদোর আধিপত্যের সময় পেয়েছিলেন গোল্ডেন বুট। ছয় মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে ২৮৩ ম্যাচ খেলে ১৯৫ গোল করেছেন। বার্সার হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের ১টি শিরোপার পাশাপাশি ঝুলিতে আছে ৪টি লা-লিগা শিরোপা।
মেসি-নেইমারকে নিয়ে সেসময়ের স্মৃতি নিয়ে সুয়ারেজ বলেছেন, ‘ফুটবলের মাঠের বাইরেও সময়ের সাথে নিজেদের সম্পর্কে জেনেছি। বার্সেলোনায় দারুণ সময় কাটিয়েছি সবাই। মেসি মিয়ামির হয়ে দুর্দান্ত ও অভাবনীয় ফুটবল খেলছে।’







