সাইবার নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
দায়িত্বে কার্স্টেন ডেভিস

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে একের পর এক বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে সৃষ্ট হুমকি নিয়ে উদ্বেগের মধ্যে জাতীয় সাইবার নিরাপত্তা প্রধান শন কেয়ার্নক্রসকে বরখাস্ত করেছে হোয়াইট হাউস।
বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানায়, কেয়ার্নক্রসকে বরখাস্তের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও সনদ তার ছিল না বলে তাকে এই পদ থেকে সরানো হয়েছে।
কেয়ারক্রসের স্থলাভিষিক্ত হয়ে ভারপ্রাপ্ত জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালকের দায়িত্ব পালন করবেন প্রতিরক্ষা দপ্তরের বর্তমান প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিস। সূত্রের দাবি, এই পদের জন্য ডেভিসের যোগ্যতা বেশি। এ ছাড়া সিনেটের অনুমোদনও রয়েছে তার।
গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রে একাধিক বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এতে অসংখ্য মানুষের যাতায়াত, যোগাযোগ ও ই-কমার্স কার্যক্রম ব্যাহত হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অত্যন্ত গোপনীয় অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্কও এসব বিভ্রাটের প্রভাব থেকে রেহাই পায়নি।
ডেভিসকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘নতুন জাতীয় সাইবার পরিচালক কার্স্টেন ডেভিসকে অভিনন্দন। যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’
ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কেয়ার্নক্রস। এর আগে ২০১৬ সালের নির্বাচনের সময় তিনি রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।




