নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু হাসনাত হিমেলকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাতে আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়াইড় গ্রামে তার নিজ বাড়ি থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবু হাসনাত হিমেল আক্কেলপুর উপজেলার রোয়াইড় গ্রামের মাহাবুব আলম সরদারের ছেলে। তিনি ২০১৯ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে নিজ বাড়িতে অবস্থানকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে থানায় নেওয়া হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু হাসনাত হিমেলকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।





