কক্সবাজারে জমি বিরোধে ইটের আঘাতে সৎ ভাই নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে সৎ ভাইয়ের ছোড়া ইটের আঘাতে হাজী মোহাম্মদ মুহিবুল্লাহ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত নেছার উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুহিবুল্লাহ ওই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। অভিযুক্ত নেছার উল্লাহ তার সৎ ভাই।
নিহতের স্ত্রী জোসনা আক্তার জানান, সকালে ঘরের এক পাশের দেয়াল ভাঙার শব্দ শুনে স্বামীকে নিয়ে সেখানে যান তিনি। এ সময় নেছার উল্লাহকে দেয়াল ভাঙতে দেখে বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নেছার উল্লাহ হাতে থাকা হাতুড়ি ফেলে মুহিবুল্লাহকে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন। ইটটি প্রথমে তার হাতে লাগে এবং পরে পেছনে থাকা স্বামীর শরীরে আঘাত করে।
এতে মুহিবুল্লাহ মাটিতে পড়ে গেলে নেছার উল্লাহ তার ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারতে থাকেন। স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন জোসনা আক্তার।
তিনি আরও জানান, চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে নেছার উল্লাহ পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করেন। পরে আহত মুহিবুল্লাহকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমির মালিকানা নিয়ে দুই সৎ ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ইটের আঘাতে মুহিবুল্লাহ আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত নেছার উল্লাহকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






